কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু বৃদ্ধের! উদয়নারায়ণপুরে ভোট দিতে এসে মৃত্যু হল বৃদ্ধের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়নপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত বৃদ্ধের নাম পূর্ণচন্দ্র দলুই। তিনি উদনারায়নপুর বিধানসভার কুরিট গ্রামের বাসিন্দা। গ্রামের ২৪৫ নম্বর বুথ বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তিনি। জানা গিয়েছে, এদিন পূর্ণচন্দ্রবাবু তাঁর ছেলে তরণী দলুইয়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। বৃদ্ধ একা চলতে পারেন না। পরিবারের কোনও সদস্য তাঁর হাঁটাচলাতে সাহায্য করেন।
তাই স্বাভাবিকভাবেই ছেলের সঙ্গে বুথে যান তিনি। পূর্ণবাবুর ছেলে বাবার সমস্যার কথা জানিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানান, তিনিও কেন্দ্রে ঢুকবেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাঁদের অনুমতি দেয়নি। তবে ভোটাধিকার প্রয়োগের আপ্রাণ চেষ্টা করেন বৃদ্ধা। পরপর ২ বার চেষ্টা চালান তাঁরা। তৃতীয়বার ফের জওয়ানদের আবেদন জানাতে গেলে পূর্ণচন্দ্রবাবুকে জওয়ানরা ধাক্কা মারেন বলে অভিযোগ।
তার জেরে বাবা ও ছেলে মাটিতে পড়ে যান। অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। তাঁকে দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পূর্ণচন্দ্রবাবুকে মৃত বলে ঘোষণা করেন। জওয়ানদের ধাক্কার জেরে এই ঘটনা বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়নপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। তিনি বলেন, "যে ভাবে বৃদ্ধ ভোটারকে আক্রমণ করা হয়েছে তা অন্যায়। তাঁর প্রাণ গেল। নিন্দনীয় ঘটনা।"
