shono
Advertisement
Bengal Election 2026

মদ খাইয়ে আদিবাসীদের প্রভাবিত করার চেষ্টা! বিজেপির তাড়ায় বোতল ফেলে তৃণমূল কর্মীরা 'দে দৌড়'

Second Phase Election: দুর্গাপুরের গলসিতে সকাল থেকেই ছোটখাটো নানা ঘটনা ঘটে চলেছে। এনিয়ে পুলিশে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী।
Published By: Sucheta SenguptaPosted: 04:34 PM Apr 29, 2026Updated: 05:34 PM Apr 29, 2026

একেবারে উৎসবের মেজাজে ভোট। কোথাও ভোট দিয়ে খাওয়াদাওয়া, কোথাও বুথ সাজিয়ে ভোটারদের আপ্যায়ণ। বুধবার, দ্বিতীয় দফার ভোটে (Bengal Election 2026 Second Phase) দক্ষিণবঙ্গের ১৪২ আসনে ভোট শেষ হয়ে যাবে আর ঘণ্টাখানেকের মধ্যে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রায় ঝঞ্ঝাটহীন নির্বাচন চলছে। তার মধ্যেও বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠছে। তেমনই একটি অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গলসি থেকে। সেখানে আদিবাসী পাড়ায় মদ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে পুলিশের দ্বারস্থ বিজেপি প্রার্থী। এনিয়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির আরও অভিযোগ, তাঁরা হাতেনাতে ব্যাপারটা ধরে ফেলার পর তৃণমূল কর্মী, সমর্থকরা পালিয়ে যায়।

Advertisement

গলসিতে বিজেপি প্রার্থীকে দেখেই দে দৌড় তৃণমূল কর্মী, সমর্থকরা। ছবি: সনাতন গড়াই

দুপুরের পর গ্রামে গ্রামে ঘুরছিলেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। সঙ্গে দলের কর্মী, সমর্থকরা। ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১২ বিঘা এলাকায় আদিবাসী অধ্যুষিত একটি গ্রামে গিয়ে বিজেপি প্রার্থী দেখেন, প্রচুর বোতল পড়ে আছে। কোনওটা খালি, কোনওটা অর্ধেক ভর্তি। সঙ্গে সঙ্গে সেসব তুলে শুঁকে দেখেন বিজেপি কর্মীরা। দেখা যায়, সেসবই মদ। এভাবে বোতলগুলি বিজেপি বাজেয়াপ্ত করেছে দেখে বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে যান। এরপরই বিজেপি প্রার্থী রাজু পাত্র সংবাদমাধ্যমে অভিযোগ করেন, "তৃণমূলের হার্মাদ বাহিনী ভোটারদের মদ খাওয়াচ্ছে, ওদের ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে। এটাই তৃণমূলের কালচার। আমরা ক্ষমতায় আগে মদ বন্ধ করব। আমি এটা নিয়ে অভিযোগ জানালাম।"

এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত মদের বোতল উদ্ধার করে নিয়ে যায়। যদিও তৃণমূলের কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা জানা যায়নি। তবে গলসি বিধানসভা কেন্দ্রের নানা বুথের বাইরে তৃণমূল, বিজেপির কর্মীরা ভোটারদের খাইয়েছেন। গলসির টাটরবাঁধ গ্রামের ভোট দিয়ে বেরতে না বেরতেই ভোটারদের হাতে মুড়ি, চানাচুর, চপ, ছোলা, শসা তুলে দিয়েছেন তৃণমূল সমর্থকরা। আবার তীব্র গরমে তৃপ্তি দিতে বিজেপির তরফে দেওয়া হয় আইসক্রিমও। আর ত্রিলোকচন্দ্রপুরে ভোটারদের প্রভাবিত করতে তৃণমূল মদ খাওয়াচ্ছে বলে অভিযোগ তুলল বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement