shono
Advertisement
Bengal Election 2026

ফের হুমায়ুনের দলে ভাঙন! 'ডিল' ভিডিওর পর সদলবলে তৃণমূলে যোগ প্রার্থীর

গতকাল মালদহের মানিকচকের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তোহিদুর রহমান দলের বিরুদ্ধে নীতি-নৈতিকতার প্রশ্ন তুলে দল ছাড়েন।
Published By: Jaba SenPosted: 08:35 PM Apr 19, 2026Updated: 09:44 PM Apr 19, 2026

গতকালই বিস্ফোরক অভিযোগ তুলে দল ছেড়েছিলেন মালদহের মানিকচকের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তোহিদুর রহমান। এবার হুমায়ুন কবীরের দল ছেড়ে সদলবলে তৃণমূলে যোগ দিলেন দলের আর এক প্রার্থী। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের প্রার্থী আবু সিদ্দিক লস্করকে প্রার্থী করেছিলেন হুমায়ুন। তিনিই রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

Advertisement

তৃণমূলে যোগদানের পর আবু সিদ্দিক লস্কর বলেন, "৮-৯ দিন আগে বিজেপির সঙ্গে ডিল সংক্রান্ত হুমায়ুন কবীরের ভিডিওটি নিয়ে মানুষজনের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। হুমায়ুন কবীর বলেছিলেন, ওই ভিডিও সত্য নয়। কিছুদিনের মধ্যেই আসল ভিডিও প্রকাশ করবেন তিনি। কিন্তু তা করেননি। অন্যদিকে আসাদউদ্দিন ওয়েইসিও হুমায়ুনের সঙ্গে জোট ভেঙেছেন। আসলে বিজেপিরই সুবিধা করতে চান হুমায়ুন কবীর। তা বুঝতে পেরে এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছি।"

অন্যদিকে, এদিনই মগরাহাট (পশ্চিম) বিধানসভায় আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন স্থানীয় নেত্রী হাবিবা লস্কর-সহ একাধিক কর্মী। মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের 'ডিল' সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকেই হুমায়ুনের দলত্যাগ করতে শুরু করেন একাধিক নেতা ও দলের দায়িত্বপ্রাপ্তরা। গতকাল মালদহের মানিকচকের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তোহিদুর রহমান দলের বিরুদ্ধে নীতি-নৈতিকতার প্রশ্ন তুলে দল ছাড়েন। ভোটের লড়াই থেকেও সরে দাঁড়ান তিনি। হুমায়ুনকে বিঁধে তোহিদুর রহমান বলেন, ‘‘যাঁকে পছন্দ তাঁকে ভোট দিন, কিন্তু আমাকে দেবেন না।” রবিবার হুমায়ুনের দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দলের আরেক প্রার্থী আবু সিদ্দিক লস্কর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement