বর্ষীয়ান রাজনীতিবিদ, সফল আইনজীবী হিসেবে পরিচিত বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। দীর্ঘদিন কলকাতার মহানাগরিক ছিলেন তিনি। তারপর পেরিয়েছে বহু বছর। পালাবদল করে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। সামনেই ফের বিধানসভা নির্বাচন। চলতি বছরে ফের ভোটের লড়াইয়ে শামিল বিকাশ। যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে তাঁকে প্রার্থী করেছে বামশিবির। চলুন আজ জেনে নেওয়া যাক হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক সর্বহারার দলের এই নেতা।
বিকাশের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ২৩ লক্ষ ৪৬ হাজার ২৮৮ টাকা। গাড়ি রয়েছে ২ টি। যার মধ্যে একটি অডি। যার দর ৭২ লক্ষ টাকা। তবে সোনা নেই।
হলফনামা বলছে, কোটিপতি সিপিএম নেতা তথা যাদবপুরের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। চলতি অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ২ কোটি ৯ লক্ষ ৯৩ হাজার ৯৭ টাকা। হলফনামা জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৬৭ হাজার ৩৯১ টাকা। তাঁর মোট ৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। পিএনবির মুকুন্দপুর শাখায় রয়েছে ৪ কোটি ৬৩ লক্ষ ০৭ হাজার ২৩৭ টাকা। একটি কো অপারেটিভ ব্যাঙ্কে রয়েছে ১১ লক্ষ ৮৪ হাজার ৩৮৪ টাকা। স্টেট ব্যাঙ্কে রয়েছে ২৩ লক্ষ ১২ হাজার ১৯১ টাকা। সেখানেই ফিক্সড ডিপোজিট রয়েছে ১১ লক্ষ ২২ হাজার ৬৪৭ টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে রয়েছে ৮ লক্ষ ৫১ হাজার ১৩৫ টাকা। রাজ্যসভার সাংসদ হিসেবে বেতন পেতেন যে অ্যাকাউন্টে সেখানে রয়েছে ৩৩ লক্ষ ৬০ হাজার ৩২০ টাকা। এছাড়া একাধিক ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে তাঁর। গাড়ি রয়েছে ২ টি। যার মধ্যে একটি অডি। যার দর ৭২ লক্ষ টাকা। তবে সোনা নেই। হলফনামা অনুযায়ী বিকাশের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ২৩ লক্ষ ৪৬ হাজার ২৮৮ টাকা।
বিকাশপত্নী ইভা ভট্টাচার্যও বিপুল সম্পত্তির মালিক। পেশায় ডায়েট কনসালট্যান্ট ইভাদেবীর চলতি অর্থবর্ষে আয় ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৪০ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ২২ হাজারের বেশি। ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭২৮ টাকা। বিনিয়োগের পরিমাণ ১২ লক্ষ ৬১ হাজার ৪০৯ টাকা। হলফনামা বলছে ৬০০ গ্রাম সোনার মালিক ইভা ভট্টাচার্য। তাঁর ২ টি ফ্ল্যাট রয়েছে, যার বাজারদর ৫ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৯৮০ টাকা।
