shono
Advertisement

Breaking News

Bengal Election 2026

ভোটে আইনশৃঙ্খলা রক্ষাই লক্ষ্য, লালবাজারের নজর 'সুবিধা' অ্যাপে

বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার হোক বা লিফলেট বিলি। তা-ও নথিভুক্ত করতে হবে ‘সুবিধা’ পোর্টাল বা অ্যাপে। তার ভিত্তিতে ব্যবস্থা নেবে পুলিশও। প্রয়োজনে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হবে কেন্দ্রীয় বাহিনীকেও। ভোটের সময় রাজনৈতিক মিছিল বা সমাবেশ নথিভুক্ত করা আবশ্যিক নির্বাচন কমিশনের ‘সুবিধা’ অ্যাপে।
Published By: Sayani SenPosted: 11:51 AM Apr 10, 2026Updated: 12:37 PM Apr 10, 2026

বাড়ি বাড়ি গিয়ে ভোটের (Bengal Election 2026) প্রচার হোক বা লিফলেট বিলি। তা-ও নথিভুক্ত করতে হবে ‘সুবিধা’ পোর্টাল বা অ‌্যাপে। তার ভিত্তিতে ব‌্যবস্থা নেবে পুলিশও। প্রয়োজনে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হবে কেন্দ্রীয় বাহিনীকেও। ভোটের সময় রাজনৈতিক মিছিল বা সমাবেশ নথিভুক্ত করা আবশ্যিক নির্বাচন কমিশনের ‘সুবিধা’ অ‌্যাপে। ভোটের আগে সাধারণত বড় ধরনের রাজনৈতিক মিছিল বা সমাবেশ এই অ‌্যাপ বা পোর্টালে নথিভুক্ত করে রাজনৈতিক দলগুলি। তার ফলে মিছিল বা সমাবেশে পুলিশি ব‌্যবস্থা করা সহজ হয়ে যায়।

Advertisement

ভোট যত এগিয়ে আসে, বাড়তে থাকে পাড়ায় পাড়ায় রাজনৈতিক মিটিং, ছোট এলাকাজুড়ে মিছিলের সংখ‌্যাও। এই ধরনের ছোট মিছিল বা মিটিং ঘিরেও যাতে কোনও আইন ও শৃঙ্খলার সমস‌্যা তৈরি না হয়, তার জন‌্য এই মিটিং ও মিছিলের তথ‌্যও জানাতে হয় ‘সুবিধা’ অ‌্যাপে। পুলিশ সেই অ‌্যাপ বা পোর্টালের তথ‌্য দেখে বুঝতে পারে, কোন সময় কোন রাজনৈতিক দল কোথায় মিটিং ও মিছিল করবে। সুবিধা অ‌্যাপের মাধ‌্যমেই পুলিশ তা দেখে ধার্য করে যেন, বিপরীত রাজনৈতিক দু’টি দলের ছোট বা বড়, যে কোনওরকমের সমাবেশই যাতে খুব কাছাকাছি না হয়। এমনকী, এই ক্ষেত্রে স্ট্রিট কর্নার মিটিংকেও গুরুত্ব দেওয়া হয়। দু’টি বিপরীত দলের সমাবেশ বা মিটিংয়ের মাইকের শব্দ ঘিরে কোনও সমস‌্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

লালবাজারের সূত্র জানিয়েছে, পুলিশের মূল লক্ষ‌্য, যাতে দু’টি বিপরীত রাজনৈতিক দল কোনওভাবেই মুখোমুখি না হয়। কোনও ছোট বিষয় নিয়েও দু’দলের কর্মীদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে রাজনৈতিক দলগুলি কখন, কোন কোন অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে, তা-ও পুলিশের জানার প্রয়োজন। সেই কারণে কোন দলের পক্ষ থেকে কখন বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার চালাবেন, তা-ও ‘সুবিধা’ অ‌্যাপে জানাতে বলা হচ্ছে। এমনকী, রাজনৈতিক প্রচারের জন‌্য লিফলেট বিলি করার জন‌্যও একইভাবে জানাতে বলা হচ্ছে ‘সুবিধা’ অ‌্যাপ বা পোর্টালে।

পুলিশের মতে, বাড়ি বাড়ি প্রচারের বিষয়টিও পুলিশ নজরে রাখতে চায়, যাতে কোনও সমস‌্যা না হয়। এদিকে, থানাগুলির সঙ্গে সঙ্গে ভোটের (Bengal Election 2026) আগে লালবাজারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে ট্রাফিক পুলিশকেও। যে রাস্তাগুলি দিয়ে মিছিল যাচ্ছে, সেই রাস্তাগুলিতে ট্রাফিক পুলিশকেও নজর দিতে বলা হয়েছে। মূলত কোনও রাজনৈতিক মিছিলের জন‌্য যাতে রাস্তায় যানজট না হয়, সেদিকে লক্ষ‌্য রাখতে হচ্ছে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও অন‌্য আধিকারিকদের। স্ট্রিট কর্নার মিটিং ও ছোট সমাবেশের কারণেও যাতে যানজট না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement