একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। পরে সেই পদে ইস্তফা দেন। ২০২১-এর আগে যোগ দেন বিজেপিতে। সেই বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর মন্তব্যে ফের বিতর্ক। শনিবার ব্রিগেডে মোদির জনসভার মঞ্চ থেকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিলেন। ভোটের মুখে মুখ্যমন্ত্রীকে 'আইসিইউতে ঢোকানো'র হুমকি দিলেন তিনি। 'মহাগুরু'র এই মন্তব্য নিয়ে জোর শোরগোল। নিন্দায় সরব তৃণমূল।
মিঠুনের হুঁশিয়ারি, "হাত ভেঙেছে। পা ভেঙেছে। এবার কিন্তু আরও কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে। আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছে, তৃণমূলকে ভোট দিন। নইলে আমার কী হবে।"
এদিনের মঞ্চ থেকে বক্তব্যের শুরুতে কটাক্ষের সুরে মমতার প্রশংসা করেন মিঠুন। রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং কাজের পরিবেশ নষ্টের অভিযোগ তুলে ভারতের ১০ জন রাজনীতিকের মধ্যে একজন বলে দাবি করেন। তার কিছুক্ষণের মধ্যে বিজেপির তারকা প্রচারক মমতাকে হুমকি দেন। বলেন, "হাত ভেঙেছে। পা ভেঙেছে। এবার কিন্তু আরও কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে। আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছে, তৃণমূলকে ভোট দিন। নইলে আমার কী হবে।" এদিন মিঠুন আরও দাবি করেন, “পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, ৩০ মিনিটের মধ্যে খেলা শেষ করে দেব। বিজেপি ক্ষমতায় এলে সব কষ্ট দূর হবে। গ্যারান্টি দিয়ে বলছি।”
প্রশ্ন উঠছে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বড়সড় হামলার ষড়যন্ত্র করা হচ্ছে? জনপ্রতিনিধি হয়ে কীভাবে মঞ্চে দাঁড়িয়ে এমন হুমকি দিতে পারেন, সে প্রশ্নে সরব তৃণমূল। X হ্য়ান্ডেলে শাসক শিবিরের পালটা তোপ, "আবারও বিজেপি নেতারা প্রকাশ্যে মহিলাদের নিয়ে সস্তার, উসকানিমূলক মন্তব্য করছেন। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুমন্তব্য করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কীভাবে একজন বিজেপি নেতা নির্বাচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য করতে পারেন। এটাই বিজেপি নেতারা মুখে 'নারীশক্তি'র কথা বললেও, এটাই তাদের আসল রূপ। মহিলাদের সম্মান করার কথা তাঁরা ভাবেও না। মুখ্যমন্ত্রীকে এমন হুমকি বাংলা সহ্য করবে না।"
