হকি অধিনায়ক থেকে এখন কালিম্পংয়ের বিধায়ক। বাংলার প্রথম গোর্খা মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন ভরতকুমার ছেত্রী? শনিবার রবীন্দ্রজয়ন্তীর শুভ দিনে নতুন সরকার গঠন করবে বিজেপি। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠনের প্রস্তুতির মাঝেই পাহাড় জুড়ে রাজনৈতিক মহলের প্রশ্ন এখন এই একটাই।
ভারতের জাতীয় হকি দলের অধিনায়ক ছিলেন ভরত ছেত্রী। বাংলায় যে গেরুয়া সুনামি হয়েছে, তাতে কালিম্পং বিধানসভা আসনে পালা বদলের কান্ডারী ছিলেন তিনি। শুধু কি বিজয়ী বিজেপি প্রার্থী হিসেবেই ভরতকুমার ছেত্রীর নাম থাকবে? নাকি বাংলার প্রথম গোর্খা ক্রীড়ামন্ত্রী হয়ে নতুন মাইলফলক গড়তে চলেছেন? শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। এখন গোর্খা জনমুক্তি মোর্চার সদর দপ্তর সিংমারি এখন সেদিকেই তাকিয়ে। সুপ্রিমো বিমল গুরুং এই নিয়ে মন্তব্য করতে নারাজ, তবে জানা গিয়েছে দলের তরফ থেকে এই নিয়ে ইতিমধ্যে শাহী দরবারে পৌঁছে গিয়েছে। অনেকে মনে করছেন, গোর্খা আবেগের মান্যতা দিয়ে ভরত ছেত্রীকে রজ্যের ক্রীড়া দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে।
এবার নির্বাচনে পাহাড় দু'হাত ভরিয়ে দিয়েছে বিজেপি'কে। গোর্খা অধ্যুষিত পাঁচটি আসনেই বিরাট ব্যবধানে জিতেছে। বিশেষ করে বলা যায় কালিম্পংয়ের কথা। এতদিন এই আসন অধরা ছিল। সেই কঠিন নির্বাচনী এলাকা কালিম্পংয়ে এবার অসাধ্যসাধন করেছেন ভরত। কালিম্পং থেকে প্রথম বিজেপি বিধায়ক হয়েছেন। সিকিম সীমানা, ভুটান ও স্পর্শকাতর চিকেন'স নেক করিডোরের কাছাকাছি এলাকা কালিম্পং। ভৌগোলিক অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাহাড়ি শহর। তাই দেশের প্রাক্তন হকি অধিনায়ককে ক্যাবিনেটে জায়গা করে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা বাস্তব হলে ক্রীড়াদপ্তর পেতে পারেন তিনি।
এবার নির্বাচনে পাহাড় দু'হাত ভরিয়ে দিয়েছে বিজেপি'কে। গোর্খা অধ্যুষিত পাঁচটি আসনেই বিরাট ব্যবধানে জিতেছে। বিশেষ করে বলা যায় কালিম্পংয়ের কথা। এতদিন এই আসন অধরা ছিল। সেই কঠিন নির্বাচনী এলাকা কালিম্পংয়ে এবার অসাধ্যসাধন করেছেন ভরত। কালিম্পং থেকে প্রথম বিজেপি বিধায়ক হয়েছেন।
পাহাড়বাসীর কাছে ভরত ছেত্রী রীতিমতো ক্রীড়া আইকন। আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা বহন করেছেন। হকির মাধ্যমে গোর্খা সম্প্রদায়ের নাম উজ্জ্বল করেছেন। এছাড়া শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন এবং স্বচ্ছ ভাবমূর্তির জন্য তরুণদের কাছে অনুপ্রেরণা। রাজনীতির বাইরেও ক্রীড়া সংস্কৃতির বিকাশে সক্রিয়। কালিম্পংয়ে হকি অ্যাকাডেমি তৈরি করেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা মনে করছেন, তিনি ক্রীড়ামন্ত্রী হলে পাহাড়ে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। মাদকাসক্তি ও বেকারত্বের মতো সমস্যা মিটতে পারে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "ভরতকুমার ছেত্রী গোর্খাদের গর্ব। একজন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব।" কিন্তু ভরত ক্যাবিনেটে জায়গা পাচ্ছেন কি না, সেই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
