রাজ্যে বিধানসভা ভোটের ফল (West Bengal Assembly Election Result 2026) বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা চলছে। এবার দক্ষিণ ২৪ পরগনার সাগরে ছড়াল হিংসা! রাতের অন্ধকারে বিজেপি কর্মীর স্ত্রীকে ঘর থেকে টেনে বার করে বেধড়ক মারধর করা হল! শ্লীলতাহানির অভিযোগও উঠল। ঘটনায় অভিযুক্ত তৃণমূল। আক্রান্ত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের গড় ছিল। ওই জেলাতেও এবার গেরুয়া আবির উড়েছে। বিজেপি জেলায় মোট ১০টি আসনে জয়ী হয়েছে। সাগরেও জয়ী হয়েছে বিজেপি। ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি শুরু করল তৃণমূল? ঘটনাটি ঘটেছে সাগরের রামকরচর এলাকায়। ওই এলাকার বুথেও বিজেপি জিতেছে। সেই আক্রোশে মঙ্গলবার রাতে তৃণমূলের জনা কয়েক বিজেপি কর্মী প্রণব মাটিয়ার বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। রাত আড়াইটে নাগাদ ওই বিজেপি কর্মীর স্ত্রীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা।
অভিযোগ, তাঁর চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে বাইরে আনা হয়, চলে বেধড়ক মারধর। তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই মহিলা যাতে কোনওভাবে চিৎকার না করতে পারে, সেজন্য তাঁর গলাও টিপে ধরা হয়েছিল বলে অভিযোগ। বেধড়ক অত্যাচারে ওই মহিলা অজ্ঞান হয়ে গেলে হামলাকারীরা চলে যায়। পরে জখম ওই মহিলাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে খবর। সাগর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সাগর বিধানসভা কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এলাকার তৃণমূল নেতা বঙ্কিম হাজরা পরাজিত হয়েছেন। ওই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির সুমন্ত মণ্ডল। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিকাশ কামিলা ঘটনার তীব্র নিন্দা করেছেন। তৃণমূল ভোটে হারতেই এলাকায় ভয় দেখানো, হিংসা শুরু করেছে বলে তাঁর অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
