ভোটের ময়দানে এবার কেন্দ্রীয়মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। মঙ্গলবার সকালে রাজ্যের ১৩ টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। সেখানেই বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে নাম রয়েছে সোমা ঠাকুরের। অন্যদিকে এই আসনে তৃণমূলের প্রার্থী মমতা ঠাকুরের কন্যা তথা বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর। তিনিও ঠাকুরবাড়ির সদস্য, সম্পর্কে শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন। ফলে বাগদা বিধানসভা কেন্দ্রে এবার লড়াই ননদ-বউদির।
মতুয়া গড় হিসাবে পরিচিত বাগদা। গত ২০২১ সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন বিশ্বজিৎ দাস। বিপুল ভোটে জয়ও পেয়েছিলেন। পরে যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ। গত লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জয় আসেনি। এরপর বাগদায় উপ নির্বাচন হলে ঠাকুর বাড়ির অন্যতম কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল। ভোটের ময়দানে নেমেই বড়সড় জয় পান তিনি। এবারও বাগদা আসনে মধুপর্ণার উপরেই আস্থা রেখেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নাম ঘোষণা হতেই প্রচারেও নেমে পড়েছেন তিনি। এবার এই বাগদা বিধানসভা কেন্দ্রে মধুপর্ণার প্রতিদ্বন্দ্বী তাঁরই দাদার স্ত্রী সোমা ঠাকুর।
বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। (ফাইল ছবি)
উল্লেখ্য, সক্রিয় রাজনীতিতে না থাকলেও গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের প্রচারে দেখা গিয়েছিল সোমা ঠাকুরকে। বর্তমানে মতুয়াদের মাতৃসেনার প্রধান তিনি। এদিকে বাগদা বিধানসভায় সোমা ঠাকুরের নাম ঘোষণা হতেই বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবার অনেকেই এলাকার কাউকে প্রার্থী হিসাবে চেয়েছিলেন। যা নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার ফেসবুক-সহ বিভিন্ন জায়গায় পোস্টও করা হচ্ছিল। কিন্তু শীর্ষ নেতৃত্ব সেই দাবিকে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ কর্মীদের। এরপরেই 'বিদ্রোহী' নেতাকর্মীদের একাংশের হুঁশিয়ারি, বারবার স্থানীয় প্রার্থীর জন্য আবেদন করেছিলাম। কিন্তু শোনা হল না। এবার ভোটে আমরা বুঝিয়ে দেব। ফলে প্রচারে নেমেই যে সোমা ঠাকুরকে কর্মীদের প্রবল ক্ষোভের মুখে পড়তে হবে তা একপ্রকার স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিকমহল।
