সোমবার ভোটপ্রচারের শেষলগ্নে পুলিশের সঙ্গে তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) ও শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। একই সময়ে দুটো রাজনৈতিক দলকে সভা করার অনুমতিকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পুলিশকে আঙুল উঁচিয়ে শতরূপের হুঙ্কার, 'আপনি তৃণমূলের দালাল, মনে রাখবেন ওদের বাবার টাকায় বেতন পান না।' ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল নদিয়ার কালীগঞ্জে।
সোমবার ছিল শেষ প্রচার। স্বাভাবিকভাবেই সবদলেরই কর্মসূচি ছিল। এদিন কালীগঞ্জে দলীয় প্রার্থী সাবিনা ইয়াসমিন অর্থাৎ তামান্নার মায়ের সমর্থনে মিছিলের আয়োজন করে বামেরা। সেখানে ছিলেন মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ ও অন্যান্যরা। একইসময় সেখানে মিছিল করে তৃণমূল। দুই দলের মিছিল মুখোমুখি হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অশান্তির সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছন কালীগঞ্জ থানার আধিকারিকরা। তাতে অশান্তি অন্য মাত্রা নেয়। এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সেলিম, শতরূপ।
বামনেতারা প্রশ্ন তোলেন, কেন একই সময়ে একই জায়গায় দুই রাজনৈতিক দলের কর্মসূচির অনুমতি দেওয়া হল? সেলিম ও শতরূপ ওই পুলিশ আধিকারিককে নিশানা করে বলেন, ‘‘আপনি তৃণমূলের দালালি করেছেন। আপনার লোক এসে মাইক বন্ধ করতে বলল। আপনারা অপদার্থ। আপনারা থামাতে পারতেন। আমাদের মিটিংটা ভেস্তে দিয়েছেন আপনি। আপনারা কেন একসঙ্গে একসময়ে দুটো দলকে অনুমতি দিলেন?’’ প্রাথমিকভাবে বিডিও অফিসের ঘাড়ে দায় ঠেললেও পরে ভুল স্বীকার নেন ওই আধিকারিক। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।
