shono
Advertisement
West Bengal Election Result 2026

বনগাঁয় বিজেপি চারে-চার, মোদির উপরে আস্থা রাখল মতুয়ারা, নাগরিকত্বের আশ্বাস শান্তনুর

মতুয়া গড়ের রং গেরুয়া। বনগাঁ মহকুমায় চারটি আসনেই বিপুল ভোটে জয়ী বিজেপি। ভরাডুবি তৃণমূলের। ২০২১ সালের পর এবারও মহকুমার চারটি আসন আরও বেশি ব্যবধানে জয় পেল বিজেপি৷
Published By: Suhrid DasPosted: 08:45 PM May 04, 2026Updated: 09:47 PM May 04, 2026

মতুয়াগড়ের রং গেরুয়া। বনগাঁ মহকুমায় চারটি আসনেই বিপুল ভোটে জয়ী বিজেপি। ভরাডুবি তৃণমূলের। ২০২১ সালের পর এবারও মহকুমার চারটি আসন আরও বেশি ব্যবধানে জয় পেল বিজেপি৷ বনগাঁ উত্তর কেন্দ্রে ফের জয়ী বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া। বাগদা কেন্দ্রে জয়ী হলেন সোমা ঠাকুর। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে জয়ী হলেন স্বপন মজুমদার৷ তিনি তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যকে ৩২ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। গাইঘাটা কেন্দ্রে পুনরায় ৪২ হাজারের বেশি ভোটে জয়ী হলেন সুব্রত ঠাকুর।

Advertisement

এই জয়কে মানুষের জয় বলে জানিয়েছেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপির উপর ভরসা রেখেছেন। সেজন্য তাঁদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই জয় প্রমাণ করল মতুয়ারা বিজেপির দিকেই রয়েছেন। এসআইআরে নাম বাদ, মতুয়াদের প্রতি 'মিথ্যাচার' বলে তৃণমূলের তরফে প্রচার হয়েছিল। কিন্তু সেই প্রচার যে কোনওভাবে টিকল না, তেমনই মনে করছে রাজনৈতিক মহল। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও বিজেপি তথা প্রধানমন্ত্রীর উপরেই ভরসা রাখলেন মতুয়ারা। তেমনই কথা জানানো হয়েছে।

বিজেপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, যাদের নাম বাদ গিয়েছে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়া গড়ে এসেছিলেন। মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস তাঁরাও দেন। ভোটের প্রচারের শেষবেলায় মোদি নিজে মতুয়া ঠাকুরবাড়িতে গিয়ে পুজো দিয়েছিলেন। মোদির বার্তা ম্যাজিকের মতো শেষপর্যন্ত কাজ করেছে মতুয়াদের। বিপুল সংখ্যায় মতুয়া ভোট বিজেপিতে গিয়েছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। মতুয়া সম্প্রদায়ের বিজয় বিশ্বাস বলেন, "প্রধানমন্ত্রী আমাদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছেন। আশা করছি খুব শীঘ্রই তিনি আমাদের এই আশাপূরণ করবেন।"

গণনা শেষে বিজেপি প্রার্থীরা বাইরে বেরতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, "পশ্চিমবঙ্গবাসী এবং মতুয়রা প্রধানমন্ত্রী ও বিজেপির উপরে আস্থা রেখেছেন৷ মতুয়ারা বুঝেছে বিজেপি তাদের বন্ধু। সকলেই নাগরিকত্ব পাবেন। কাউকে দেশ ছেড়ে যেতে হবে না।" জয়লাভ করে সোমা ঠাকুর বলেন, "মতুয়ারা বিজেপির সঙ্গেই আছে। এই জয় তারই প্রমাণ। তৃণমূলের অপপ্রচার মতুয়াদের বিভ্রান্ত করতে পারেনি।" বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বনগাঁজুড়ে ডিজে বাজিয়ে গেরুয়া আবির খেলায় মেতে ওঠে বিজেপি কর্মী-সমর্থকরা|

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement