shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election

ঝাঁটা, লাঠি হাতে তৃণমূল প্রার্থীর পথ আটকাল মহিলারা, 'বিজেপির মদত', বলছে শাসকদল

ঝাঁটা, লাঠি, কাঠ দিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
Published By: Jaba SenPosted: 02:28 PM Apr 11, 2026Updated: 03:34 PM Apr 11, 2026

বিজেপির দখলে থাকা ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। হাই কোর্টের হস্তক্ষেপে ওই মহিলাদের অ্যাকাউন্টে ফের সরকারি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু ক্ষোভ কমেনি। শনিবার সেই এলাকায় প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন ময়না বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। ঝাঁটা, লাঠি, কাঠ দিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। হামলার ঘটনায় এক তৃণমূল সমর্থকের মাথা ফেটে গিয়েছে। বাকচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপির কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

শনিবার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন চন্দন মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকরা। সেই সময় মহিলাদের নিয়ে কয়েকজন দুষ্কৃতী প্রার্থী-সহ তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর চড়াও হন। রাজ্যের শাসকদলের অভিযোগ, বিজেপির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এই হামলা ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিজেপির দখলে থাকা পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত প্রায় ৭ হাজার মহিলার গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। পরে হাই কোর্টের হস্তক্ষেপে ওই এলাকার মহিলারা ফেব্রুয়ারি মাস থেকে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন। পাশাপাশি মহিলারা কয়েকমাস কেন সরকারি প্রকল্পের টাকা পাননি তা লিখিত আকারে ব্যাখ্যা করতে বলে হাই কোর্ট। প্রশাসন জানিয়েছিল, পোর্টালে সমস্যা হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে সময় লাগছিল। যদিও তা মানতে নারাজ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ থাকার ফলে তাঁদের বঞ্চনার শিকার হতে হয়েছে। এই নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আগে থেকেই ছিল। শনিবার তৃণমূল প্রার্থীকে দেখে সেই ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডল অভিযোগ করেন, "নির্বাচনের আগে শান্তিপূর্ণভাবে জনসংযোগ করছিলাম। সেই সময় বিজেপির দুষ্কৃতীদের নেতৃত্বে কয়েকজন আমাদের পথ অবরোধ করেন। ঝাঁটা, লাঠি, রড হাতে নিয়ে, ইট ছুঁড়ে পথ আটকান তাঁরা। তৃণমূলের বেশ কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। এই ঘটনায় অনেকে জখম হয়েছেন। অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে ফের উত্তপ্ত ময়না।" চন্দনের আরও অভিযোগ, ময়না বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। ভোট দিতে বাধা দেবে বিজেপি। ময়না বিধানসভা আসনে যাতে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব হয় তা নিশ্চিত করার জন্য় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন চন্দন।

ময়নার বিজেপি প্রার্থীর অশোক দিন্দার অভিযোগ, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে। কয়েকমাস ধরে তাঁরা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছিলেন না বলে ক্ষুব্ধ ছিলেন। তাই তৃণমূল প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement