এমন কাণ্ড কস্মিনকালে কেউ শোনেনি। মানুষের পশ্চাৎদেশে মৌমাছির ঝাঁক উড়ে বসল! যে ছবি সামনে এসেছে, তা একপ্রকার বাসা বাঁধার মতো! এমন বিপজ্জনক কাণ্ডের পর জীবিত রইলেন ওই ব্যক্তি? ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে? সোশাল মিডিয়া এক্স -এ ভাইরাল হয়েছে একটি পোস্ট। সেখানেই দেখা গিয়েছে, এক তরুণের পশ্চাৎদেশে মৌমাছির ঝাঁকের ছবি। এই পোস্টের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
‘মিডিসারাসু’ নামের এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, গ্যারেজে যাচ্ছিলেন তরুণ। তখনই ভয়ংকর কাণ্ড ঘটে। একটি রানি মৌমাছি উড়ে এসে তাঁর প্যান্টের উপর বসে। এর পরেই হাজার হাজার কর্মী মৌমাছি তাঁকে ঘিরে ধরে। চোখের নিমেষে তরুণের পশ্চাৎদেশে মৌমাছির ‘চাক’ তৈরি হয়ে যায়। এই অবস্থায় সামান্য নড়চড়া করলেই বিপদ হত পারত। সাহস এবং বুদ্ধির পরিচয় দিয়ে প্রায় ৩০ মিনিট নিশ্চল ছিলেন ওই তরুণ। পোস্টের দাবি, এর ফলে একটি মৌমাছিও আক্রমণ করে বিষাক্ত হুল ফোটায়নি।
এক্স হ্য়ান্ডেলের পোস্টে জানানো হয়েছে, রানি মৌমাছিটিকে একটি অন্য পাত্রে ঢোকানোর পর দুর্ভোগের অবসান ঘটেছিল। এর পরই মৌমাছির ঝাঁকটিও অন্যত্র উড়ান দেয়। হাঁফ ছেড়ে বাঁচেন তরুণও। যদিও প্রশ্ন উঠছে, একজন মানুষ ৩০ মিনিট, অর্থাৎ আধ ঘণ্টা স্থির হয়ে থাকলেন কীভাবে! অনেক নেটিজেনই অবশ্য, এই মানসিক দৃড়তার প্রশংসা করছেন। অধিকাংশই বলছেন, এমন ঘটনার কথা কস্মিনকালেও শুনানি।
