সাতপাকে বাঁধা পড়া স্রেফ হিন্দু বিবাহরীতির একটি আচার নয়। তার নেপথ্যে জন্মজন্মান্তরের বিশ্বাস, লোককথা আছে। সময় অনেক আধুনিক হলেও এমন কয়েকটি বিষয়ে শুধু সামাজিক হয়ে থেকে যায়নি, তা বিশ্বাসের শিকড়কে আরও শক্তপোক্ত করেছে। বলা হয়, সাতপাকে বাঁধা নাকি আসলে সাত জন্মের বন্ধন। স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি যে অঙ্গীকার করে, তা পালন করে যেতে হয় সাত জন্ম ধরে। কিন্তু 'সাতে'র সীমাবদ্ধতা আটকে থাকতে মোটেই চান না সোমা-সার্বত্রিকরা। তাঁদের ভালোবাসা অফুরান। তাই তো জীবন-মৃত্যুর ঠিক সীমান্তে শুয়ে থাকা স্বামীকে জড়িয়ে সোমা বলতে পারেন, 'যতবার বিয়ে করতে চাইবি ঠিক ততবার আমি রাজি সাতপাকে বাঁধতে।' নেটদুনিয়ায় এখন সোমা-সার্বত্রিকের এই অনন্য ছবি-বার্তা ভাইরাল। তা দেখে চোখের জল আটকাতে পারছেন না নেটিজেনরা।
বিষয়টা ধাঁধা লাগল? আসলে এ এক অমর প্রেমের কাহিনি, যার বেশিরভাগটা বেদনা, সংগ্রাম দিয়ে ঘেরা। এ কাহিনির নায়ক সার্বত্রিক চট্টোপাধ্যায়, নায়িকা সোমা শীল চট্টোপাধ্যায়। সার্বত্রিক দুর্ঘটনায় আহত হয়ে ৫ মাস ধরে কোমায়। অসাড় দেহ-মন-মস্তিষ্কের ওষুধ একমাত্র স্ত্রী সোমার পরম ভালোবাসা। জীবনসঙ্গিনী হিসেবে আর পাঁচটা কর্তব্য তো আছেই, কিন্তু সোমা এই ভালোবাসাকেই সর্বোত্তম বলে মনে করেন। তাই তো প্রতিদিন সুন্দর করে সেজে হাসপাতালে যান স্বামীকে দেখতে। যদি আচম্বিতে সার্বত্রিক সাড়া দেয়, যদি কোনও এক মুহূর্তে স্ত্রীর দিকে চোখ মেলে তাকায় - এই আশা বুকে বেঁধে। চরম দুঃসময়ের মাঝেও নিজেকে এতটা স্থির রাখতে বোধহয় সর্বংসহা সর্বজয়ারাই পারেন!
এরই মাঝে ৫ মার্চ ছিল সোমা-সার্বত্রিকের বিবাহবার্ষিকী। স্বামী কোমাচ্ছন্ন বলে কি এমন বিশেষ দিনে উদযাপন হবে না? মন মানে না যে। তাই তো কেক-ফুল সব নিয়ে সোমা হাজির হয়ে যান স্বামীর কেবিনে। সেখানেই কেক কেটে, স্বামীর অসাড় আঙুল থেকে নিজের সিঁথি রাঙিয়ে নিলেন সোমা। নতুন করে যেন বিয়ে হল তাঁদের। সেসব ছবি পোস্ট করে সোমা লিখলেন, 'এবছর সিঁদুরটা এরম ভাবে পড়ালি next year আবার বিয়ে করব । যতবার বিয়ে করতে চাইবি ঠিক ততবার আমি রাজি সাতপাকে বাঁধতে । শুধু তুই চাই ,,,,,,,,, Happy anniversary Jaan'। অঙ্গীকার করলেন, 'বাবান (স্বামীকে এই নামে সম্বোধন করেন সোমা) তোকে জীবনেও ছেড়ে যাবো না।তোকে আমি ঠিক ফিরিয়ে আনবো।'
ভালোবাসার এই ছবিতেই চোখে জল নেটিজেনদের। সৌ: ফেসবুক
এই সামান্য কয়েকটা কথাতেই অন্তরের নিভৃত, অফুরান প্রেম আর প্রেমাস্পদকে চিরকালের মতো কাছে পাওয়ার অদম্য ইচ্ছার বহিঃপ্রকাশ। তাঁদের বিবাহবার্ষিকীর ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। সেইসঙ্গে সার্বত্রিকের সুস্থতা কামনা আর সোমার অসীম মমতাকে কুর্নিশ। আসলে প্রেম তো এমনই, আকাশের মতো অনন্ত, পর্বতের মতো অটল। প্রেমের কাছে তুচ্ছ মৃত্যুও।
