shono
Advertisement
shopping assistance

শপিং ব্যাগটি বড়ই ভারী, প্রেমিক-বর পাশে না থাকলে এবার ভাড়া করে নিন ব্যাগ বইবার সঙ্গী!

কেবল মজার ছলে নয়, এই পরিষেবা রীতিমতো উপকারী প্রতিপন্ন হতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রেও। কম ওজন বইতেও যাদের শারীরিক সমস্যা হয়, তারা হয়তো সত্যিই ভরসা করবে ‘ক্যারিমেন’-কে।
Published By: Utsa TarafdarPosted: 08:09 PM May 22, 2026Updated: 08:09 PM May 22, 2026

নারী মাত্রেই অল্পবিস্তর শপিংয়ের নেশা থাকবে— পৃথিবীর প্রত্যেক নারীর পুরুষ সঙ্গীই বুঝি একমত হবে এই প্রসঙ্গে। ইচ্ছে মতন একগাদা শপিং করাই যায়, কিন্তু ব্যাগ বইবে কে? মেয়েটি মনের আনন্দে কেনাকাটা করছেন, আর দোকানের বাইরে ভারী ব্যাগ হাতে অপেক্ষা করছে তাঁর স্বামী অথবা প্রেমিক, এই চিরাচরিত ছবি তো কতই দেখতে মেলে। এ কাজে পুরুষরা খুব আনন্দ না পেলেও, ব্যাগ বয়ে দেওয়ার মানুষ ছাড়া যে মেয়েরা কেনাকাটায় আনন্দ পান না, সে কথা বলাবাহুল্য।

Advertisement

কিন্তু কর্মব্যস্ত জীবনে প্রতিবার শপিংয়ে স্ত্রী অথবা প্রেমিকাকে সঙ্গ দেবেন, এমন সময় কি সবসময় পুরুষদের কাছে থাকে? এ বিষয়টিই ভেবে দেখেছিল দিল্লির এক স্টার্ট-আপ সংস্থা। আর তা থেকেই জন্ম এক উদ্ভাবনের! খোলসা করে বলা যাক। দিল্লির লাজপত নগর, সরোজিনী নগর অথবা চাঁদনি চৌকে এক পা চলতে না চলতেই দোকান! সেখানে একবার কেনাকাটা করতে ঢুকলে, আর সহজে বেরনোর ইচ্ছে হয় না কারওরই। ফলত, সঙ্গে আসা বাড়ির লোক খানিক বিরক্ত হয়, ক্লান্ত হয়, ব্যস্ততা বাড়ে।

এই সমস্যার সমাধান করতে দিল্লির এক স্থানীয় সংস্থা চালু করল ‘ক্যারিমেন’ নামের এক পরিষেবা (shopping assistance)। যার ট্যাগলাইন ‘ইউ শপ, উই ক্যারি’। এর মাধ্যমে ‘বুক’ করা যাবে এমন পুরুষদের, যারা শপিং চলাকালীন যাবতীয় ব্যাগ বয়ে দেবে! ব্যাগের ভার যতই হোক না কেন, তা নিয়ে তাদের বিরক্ত বা ক্লান্ত হতে দেখা যাবে না! সর্বোচ্চ ১২ কেজি ওজন বইতে পারবে এমন একজন অ্যাসিস্টেন্ট। বিশেষত শপিং সেরে যদি স্ট্রিট ফুডের ভিড়ে দাঁড়াতে চান কোনও মহিলা, অথবা মেট্রো টিকিটের দীর্ঘ লাইনে তাঁকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারী শপিং ব্যাগ। এমন অবস্থায় ভীষণ কাজে আসবে ‘ক্যারিমেন’, বিশ্বাস সংস্থাটির।

কেবল মজার ছলে নয়, এই পরিষেবা রীতিমতো উপকারী প্রতিপন্ন হতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রেও। কম ওজন বইতেও যাদের শারীরিক সমস্যা হয়, তারা হয়তো সত্যিই ভরসা করবে ‘ক্যারিমেন’কে। সংস্থার দাবি, প্রত্যেক অ্যাসিস্টেন্ট এই কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ঘণ্টায় প্রায় দেড়শো টাকা লাগবে বুকিং-এ। যদি তিন, চার ঘণ্টা কিংবা আরও বেশি সময়ের জন্য প্রয়োজন হয়, সেইমতো বাড়বে চার্জ।

ইতিমধ্যেই বুকিং আসতেও শুরু করেছে, এমনটাই জানিয়েছে সংস্থা। কিন্তু সত্যিই কি এমন ভাবনা কার্যকরী করি? সাধারণ মানুষ, যারা খরচ কমানোর জন্যই লাজপত নগর, সরোজিনী নগর অথবা চাঁদনি চৌকের মতো বাজারে কেনাকাটা সারছেন, তাঁদের পক্ষে কি ঘণ্টা প্রতি এত টাকা খরচ করে ব্যাগ বইবার লোক ভাড়া করা সম্ভব? ‘ক্যারিমেন’-এর মেয়াদ কত, তা কেবল সময়ই জানাতে পারবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement