shono
Advertisement
Psychology Facts

পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ

স্কুল-কলেজের পাট তো চুকেছে সেই কবেই! আপনি এখন সুপ্রতিষ্ঠিত চাকুরিজীবী। কিংবা সংসারী। তবু কেন ঘুমের মধ্যে আসে এমন অদ্ভুত স্বপ্ন?
Published By: Buddhadeb HalderPosted: 09:01 PM Aug 11, 2026Updated: 09:01 PM Aug 11, 2026

ঘড়িতে সময় সকাল পৌনে দশটা। পরীক্ষা শুরু ঠিক দশটায়। হলে পৌঁছে হৃদস্পন্দন দ্বিগুণ হল। কিছুই তো পড়ে আসেননি। কী লিখবেন? এ যা অবস্থা, পরীক্ষায় পাশ করাই তো দায়! তখনই ধড়ফড় করে ঘুমটা ভেঙে গেল আপনার। কপালে বিন্দু বিন্দু ঘাম। তারপর আচমকা খেয়াল হল, আরে! স্কুল-কলেজের পাট তো চুকেছে সেই কবেই! আপনি এখন সুপ্রতিষ্ঠিত চাকুরিজীবী। কিংবা সংসারী। তবু কেন ঘুমের মধ্যে এমন অদ্ভুত স্বপ্ন?

Advertisement

মনোবিদরা বলছেন, এ এক অবদমিত উদ্বেগের প্রকাশ। যদিও স্বপ্নশাস্ত্র এই নৈশ আতঙ্কের বেশ কিছু আকর্ষণীয় ব্যাখ্যা নিরূপণ করেছে। কী কী?

এমন নৈশ আতঙ্কের কারণ কী?

(১) মনোবিদদের মতে, এই স্বপ্নের মূল অনুঘটক হল বর্তমান জীবনের অতিরিক্ত মানস-চাপ। কর্মক্ষেত্রে ডেডলাইনের তাড়া কিংবা সংসারের জটিলতা যখন আমাদের দিশাহারা করে তোলে, তখন মস্তিষ্ক অতীত স্মৃতির শরণ নেয়। অবচেতন মন বর্তমান মানসিক নিরাপত্তাহীনতাকে বোঝাতে শৈশব বা কৈশোরের সেই পরীক্ষাভীতির স্মৃতিকেই মনের ক্যানভাসে ফুটিয়ে তোলে।

(২) স্বপ্ন-গবেষক ও মনোবিদ ডেলফি এলিসের মতে, স্বপ্নে 'পরীক্ষা' আসলে শেখার এক চিরন্তন রূপক। স্কুল বা কলেজের পাঠ শেষ হলেও জীবনের পাঠ কখনও শেষ হয় না। প্রতিদিনের নতুন অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। তাই জীবন যখন নতুন কোনও পরীক্ষা নেয়, তখন স্বপ্নে আবার ফিরে আসে ফেলে আসা পরীক্ষার স্থল।

(৩) হঠাৎ জীবনে কোনও বড় পরিবর্তন এলে, যেমন নতুন চাকরি শুরু করা কিংবা বড় কোনও শোকের মুখোমুখি হওয়া—এই ধরনের স্বপ্ন বেশি দেখা যায়। যখন কাঁধে অনেক দায়িত্ব চলে আসে এবং মনে হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। অতীতে পরীক্ষা দেওয়ার আগে যে ব্যাকুলতা কাজ করত, সেটাই অবচেতন মনের গহিন থেকে জেগে ওঠে।

(৪) তবে এই স্বপ্ন শুধু আতঙ্ক ছড়ায় না, এক প্রকার মনস্তাত্ত্বিক সতর্কবার্তাও দেয়। জীবনে কোনও কঠিন পরিস্থিতি এলে আমাদের অবচেতন মন আগেভাগেই তৈরি হওয়ার বার্তা পাঠায়। তাই ঘুম ভেঙে ঘাম মোছার এই অভিজ্ঞতা আসলে মনস্তাত্ত্বিক প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement