জম্মু ও কাশ্মীরের চেনাব পাহাড়ে তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ। বর্ষার মরশুমে মেঘ আর ঘন কুয়াশা দখল নিয়েছে ওই সেতুর। যদিও তার মধ্যে দিয়েই ছুটে চলেছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সেই অনিন্দ্য সুন্দর দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ নেটাগরিকরা।
রেল মন্ত্রকই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে কুয়াশাচ্ছন্ন হিমালয়ের চূড়া এবং সবুজ উপত্যকা পরিবেষ্টিত সেতুতে বন্দে ভারতের ছুটে চলার ভিডিও। ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে, চেনাব রেলসেতুর উপর দিয়ে ঘন কুয়াশার চাদর ভেদ করে এগিয়ে চলেছে ট্রেন। দেখে বোঝার উপায় নেই ভারত না সুদূর রাশিয়ার কোনও রেলসেতু! প্রযুক্তি আর প্রকৃতির আশ্চর্য মেলবন্ধনের মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ নেটপাড়া। লাইক, কমেন্টের বন্যা বইছে। এক নেটাগরিক লিখেছেন, "প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে অত্যাধুনিক পরিকাঠামোর অনবদ্য মেলবন্ধন।"
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পীরপঞ্জাল পর্বতশ্রেণির উপত্যকায় রয়েছে চন্দ্রভাগা বা চেনাব নদী। এর উপরেই আধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। ঘণ্টায় সর্বোচ্চ ২৬৬ কিলোমিটার গতিতে ঝড়েও ক্ষতি হবে না ব্রিজটির। পাশাপাশি বিপদ এড়াতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার হলেই ট্রেন চলাচল সিগন্যাল স্বয়ংক্রিয় ভাবে লাল হয়ে যাবে। অর্থাৎ কিনা পরিষেবা বন্ধ হয়ে যাবে।
