ভারতীয় রেলকে দেশের মুখ বললে ভুল বলা হয় না। দেড়শো কোটি মানুষের প্রধান অবলম্বন আসমুদ্রহিমাচলে ছড়ানো বিশ্বের বৃহত্তম রেলওয়ে ট্র্যাক। সেখানে রোজই ঘটতে থাকে মজার সব কাণ্ড। তাই বলে লোকাল ট্রেনের আপার বার্থে বসে মলত্যাগ! সেই মল পড়ল লোয়ার বার্থে বসা এক ঘুমন্ত যাত্রীর মাথায়। এর পর তুমুল ঝামেলার শুরু। ভাইরাল ভিডিও দেখে হেসে কুল পাচ্ছেন অনেকে। কেউ কেউ আবার বেজায় বিরক্ত। অনেকেই ঘেন্নায় ওয়াক তুলছেন। ভি়ডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, একটি লোকাল ট্রেনের আপার বার্থে বসে রয়েছেন এক যুবক। তাঁর পাশে দাঁড়িয়ে এক বালক। নিচের একদল যাত্রীর সঙ্গে কথা ঝগড়া শুরু হয় ওই যুবকের। কিছুটা দূরে দুই যাত্রী। তাঁরা হাসতে হাসতে অশান্তির দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। সেই ভিডিওতেই দাবি করা হয়েছে, আপার বার্থের যুবক ওই বালকের অভিভাবক। বালক উপর থেকে মলত্যাগ করলে সেই মল নিচের বার্থে বসা এক ঘুমন্ত যাত্রীর মাথায় পড়ে।
এই ভিডিও সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। কেউ কেউ যেমন ঘৃণায় ওয়াক তুলছেন, তেমনই উঠেছে সমালোচনার ঝড়। অনেকে আবার ঘটনাটিকে ট্রেনে ‘নতুন আতঙ্ক’ বলেছেন। এক নেটিজেনের রসিকতা বলেছেন, ‘আপার বার্থ থেকে এল সারপ্রাইজ প্যাকেজ, আর মাধ্যাকর্ষণের শিকার হলেন লোয়ার বার্থের যাত্রী।’ অন্য একজনের কটাক্ষ করেছেন, ‘ভারতীয় রেলে শুধু টিকিটের টাকা দিলেই সম্পূর্ণ বিনামূল্যে বিনোদন পাওয়া যায়।’ তবে এমন ঘটনা রেলের পরিচ্ছন্নতা এবং যাত্রীদের সাধারণ শিষ্টাচার নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
