শুক্রবার রাত পর্যন্ত আশঙ্কা তৈরি হয়েছিল ভারত বুঝি এ বছর কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) অতীত পারফরম্যান্সের ধারেকাছে যেতে পারবে না। এমনকী গেমসের ইতিহাসে প্রায় প্রতি আসরে প্রথম পাঁচে থাকা টিম ইন্ডিয়া শুক্রবার রাত পর্যন্ত ছিল ১০ নম্বরে। কিন্তু ওই যে কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। শনিবার রাতে স্রেফ বক্সিংই দূর করে দিল সব আশঙ্কা।
চলতি কমনওয়েলথ গেমসে 'শনিবার' দিনটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। একদিনে সাত-সাতজন বক্সার সোনা জিতলেন। ভারতীয় ক্রীড়াবিদদের সোনালি পারফরম্যান্সে উদ্ভাসিত হয়ে রইল দিনটা। একইসঙ্গে প্যারা কমনওয়েলথেও ভারতের ঝুলিতে এল সোনা। সব মিলিয়ে স্রেফ শনিবার এল আটটা সোনা। রাতারাতি টিম ইন্ডিয়া পদক তালিকায় উঠে এল চার নম্বরে। কমনওয়েলথ গেমসে সচরাচর ৩-৫ নম্বরের মধ্যেই থাকে ভারতীয় দল।
শনিবার দিনটা যেন হয়ে উঠেছিল ভারতীয় বক্সারদের। আরও স্পষ্ট করে বললে, ভারতের মহিলা বক্সারদের। এদিন বক্সিংয়ে ভারতের মোট দশজন বক্সার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে সাতজন সোনা জিতলেন। তিনজন পেলেন রুপো। সোনা জিতলেন ভারতের পাঁচ মহিলা বক্সার প্রীতি পওয়ার, জ্যাসমিন লাম্বোরিয়া, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী। পুরুষদের বক্সারদের মধ্যে সোনা জিতেছেন শচীন সিওয়াচ এবং অঙ্কশ পাঙ্গাল।
এদিন মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে প্রীতি ৫-০ ব্যবধানে কানাডার বক্সার স্কারলেট ডেলগাডোকে উড়িয়ে দিয়ে সোনা জেতেন। এরপর ৫৭ কেজি বিভাগে জেসমিন ৫-০ ব্যবধানে উত্তর আয়ারল্যান্ডের বক্সার মিকায়েলা ওয়ালশকে হারিয়ে সোনা জিতলেন। এদিন সন্ধ্যায় মহিলাদের ৫১ কেজি বিভাগের ফাইনালে সাক্ষী ৫-০ ব্যবধানে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে সোনা জিতলেন। মহিলাদের ৬০ কেজি বিভাগের ফাইনালে প্রিয়া ৪-১ ব্যবধানে কানাডার মারি বাথুল আল-আহমাদিয়েহকে হারিয়ে সোনা জিতেছেন। ৭০ কেজি বিভাগের ফাইনালে অরুন্ধতী ৫-০ ব্যবধানে প্রতিপক্ষ ইংল্যান্ডের চ্যান্টেল রিডকে উড়িয়ে দিয়ে সোনা জিতলেন। তবে সোনা জিততে ব্যর্থ হলেন লভলিনা বরগোহাঁই। ৭৫ কেজি বিভাগের ফাইনালে লভলিনা ১-৪ ব্যবধানে হেরে যান অস্ট্রেলিয়ার এমা সুপ্রিনট্রির কাছে। হেরে রুপো পান অসমের কন্যা। পুরুষদের ৬০ কেজি বিভাগে ভারতের শচীন সিওয়াচ ৩-২ এ ট্রইএগেইন মর্নিং এনডেভেলোকে হারিয়ে সোনা জিতেছেন। পুরুষদের ৮০ কেজি বিভাগে অঙ্কশ পাঙ্গাল ৪-১-এ দিমেজি শিতুকে হারিয়ে সোনা জেতেন। তবে পুরুষদের ৯০ কেজি (+) বিভাগের ফাইনালে নরেন্দর বেরওয়াল ০-৫-এ ড্যামার থমাসের কাছে হেরে রুপো পান। পুরুষদের ৫৫ কেজি বিভাগে জাদুমণি সিংকেও অবশ্য রুপোতেই সন্তুষ্ট থাকতে হল। এছাড়া প্যারা স্পোর্টসেও এসেছে পদক। এফ৫৭ শটপাট বিভাগে সোনা জেতেন ভারতের সোমন রানা। তিনি ১৩.৪০ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। ১৩.২৮ মিটার ছুড়ে রুপো পান শুভম জুয়াল।
সব মিলিয়ে শনিবার দিনের শেষে ভারতের পদকসংখ্যা দাঁড়িয়েছে ৩৯টি। টিম ইন্ডিয়া ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ জিতেছে। ৬৫টি সোনা-সহ মোট ১৫৮টি পদক নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ২৬টি সোনা-সহ ১০২ পদক নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কানাডা। তাঁদের মোট পদক ৫৯, সোনা ১৮টি।
