লক্ষ্মীবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। এমনিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বরাবরই 'মহাশক্তি' হিসাবে আত্মপ্রকাশ করে আসছে ভারত। প্রায় প্রতি ইভেন্টেই পদক তালিকায় ভারতের নাম থাকে প্রথম সারিতে। কিন্তু এ বছর সম্ভবত সেটার ব্যতিক্রম হতে চলেছে। ক্রীড়ামহলের আশঙ্কা, এবার কমনওয়েলথ গেমসে ভারতের পদকের সংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে।
২০২২ সালের বার্মিংহামের আসরে এসেছিল ৬১টি পদক। টিম ইন্ডিয়া শেষ করেছিল চতুর্থ স্থানে। উপরে শুধু অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং কানাডা। কিন্তু এবার ভারতীয় ক্রীড়া মহল আশঙ্কা করছে, ভারতের পদকের সংখ্যাটা রাতারাতি অর্ধেকের কাছাকাছি নেমে আসতে পারে। কারণ প্রতি বছর কমনওয়েলথ গেমসে যে ইভেন্টগুলি সোনার ফসল ফলায়, সেই ইভেন্টগুলিই এবার বাতিল হয়ে গিয়েছে। আসলে এ বছর কমনওয়েলথ গেমসে ইভেন্টের সংখ্যা ১৯ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে এনেছে। বাতিলের খাতায় চলে গিয়েছে ৯টি খেলা। যে খেলাগুলি বাদ গিয়েছে সেগুলিই ভারতের মূল শক্তির জায়গা।
২০২২ সালে বার্মিংহামে যে কুস্তি থেকে ৬টি সোনা-সহ ১২টি পদক এসেছিল কুস্তিই এবার নেই ইভেন্টের তালিকায়। বাদ পড়েছে ব্যাডমিন্টন, যা গতবার এনে দিয়েছিল ৩টি সোনা-সহ ৬টি পদক। টেবল টেনিস এবং প্যারা টিটি মিলিয়ে ৭টি পদক এসেছিল আগেরবার। হকির পুরুষ ও মহিলা দুই দল এনেছিল দুটি পদক। মহিলা ক্রিকেট দলও আগেরবার রূপো জিতেছিল। এবার এই সবকটি ইভেন্টই বাতিল হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে নিজেদের জেতা ২৮টি পদক রক্ষা করার সুযোগই পাচ্ছে না টিম ইন্ডিয়া।
কিন্তু কেন এত খেলা বাতিল করা হল? আসলে ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে গত বছর থেকেই চলছে বিতর্ক। বিপুল খরচের কারণে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। শেষ পর্যন্ত ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয় গ্লাসগোকে। ২০১৪ সালে এখানেই আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস। তবে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিলেও বাজেটে কাটছাঁট করেছে স্কটিশ শহরটি। ফলে ভারতের জন্য সাফল্য এনে দেওয়া বহু ইভেন্ট বাদ গিয়েছে। ওই ইভেন্টগুলি বাদ যাওয়ায় আপাতত ভারতের মূল ভরসা অ্যাথলেটিক্স, শুটিং এবং বক্সিং।
