দেড় বছর আগে অবসর ঘোষণা করেছিলেন বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী মেরি কম। কিন্তু রিংয়ের প্রতি মায়া কি এত সহজে মেটে! এবার পেশাদার বক্সিংয়ে নামার কথা ভাবছেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী ও ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি। ৪৩ বছর বয়সি এই কিংবদন্তি এই বক্সার নিজেই জানিয়েছেন এ কথা। ব্যক্তিগত জীবনের দুঃখ ভুলতেই কি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন বক্সার?
রবিবার 'সানডেস অন সাইকেল' অনুষ্ঠানের ফাঁকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা তুলে ধরেন মেরি। তিনি বলেন, "ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আমার জীবনের অসাধারণ অর্জন। তবে একটা সময় পর বয়সের কারণে দেশের হয়ে অপেশাদার বক্সিংয়ে আর খেলতে পারিনি। এখন পেশাদার বক্সিংয়ে নতুন একটা সুযোগ সামনে এসেছে।"
তাঁর সংযোজন, "আমি এখন বিষয়টা নিয়ে ভাবছি। কঠোর পরিশ্রম করছি। কামব্যাক করে দেখাতে চাই, আমি এখনও কী করতে পারি।" একইসঙ্গে মণিপুরে নিজের বক্সিং অ্যাকাডেমি নিয়েও সমানভাবে ব্যস্ত রয়েছেন মেরি কম। তিনি বলেন, "নিজের অ্যাকাডেমির সঙ্গে ভীষণভাবে যুক্ত রয়েছি আমি। মণিপুরের বর্তমান পরিস্থিতির কারণে অনেক সময় যাতায়াতে সমস্যা হয়। তবুও ফোনে নিয়মিত যোগাযোগ রাখি।" নিজের ফিটনেস নিয়ে দৃঢ় বার্তা দিয়ে এই তারকা বক্সার বলেন, “আমার স্বপ্ন যতদিন সম্ভব ফিট থাকা, বয়স যাই হোক না কেন।”
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের ৫১ কেজি বিভাগে প্রথম ভারতীয় বক্সার হিসাবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মেরি কম। তিনিই বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসাবে ছ'বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন। একই সময়ে, মণিপুরের এই ক্রীড়াবিদ ভারতের প্রথম মহিলা বক্সার যিনি ২০১৪ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ২০০৬ সালে, মেরি কমকে পদ্মশ্রী এবং ২০০৯ সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। উল্লেখ্য, ১৮ বছরের বিবাহিত জীবন ছিল মেরি-ওনলারের। গত ২০২৩ সালের ২০ ডিসেম্বর তাঁদের ডিভোর্স হয়। সেসময়ে এত বিতর্ক হয়নি। কিন্তু বিচ্ছেদের দু'বছর পর একে অপরকে কাঠগড়ায় তুলেছেন। তা নিয়ে কম জলঘোলা হয়নি। নেটিজেনরা বলছেন, ব্যক্তিগত জীবনের দুঃখ ভুলতেই ফের বক্সিংয়ে ফেরার কথা ভাবছেন মেরি।
