নতুন চ্যাম্পিয়ন পেল ফরাসি ওপেন। ইতিহাস গড়ে প্রথমবার রোলাঁ গারোজে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন রাশিয়ার মীরা আন্দ্রিভা। ফাইনালে অবাছাই মাজা খোয়ালিনস্কাকে স্ট্রেট সেটে ৬-৩, ৬-২ ব্যবধানে হারালেন মীরা। এটিই রাশিয়ার ১৯ বছরের মীরার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
শনিবার রোলাঁ গারোয় মেয়েদের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার মীরা আন্দ্রিভা আর পোল্যান্ডের মায়া চাওয়ালিনস্কা। দু’জনেই এর আগে কোনও দিন গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেননি। ফলে দু'জনের জন্যই এটা ছিল নতুন অভিজ্ঞতা। সেই সঙ্গে স্নায়ুর চাপও ছিল। তবে মীরা অনেকটাই এগিয়ে ছিলেন প্রতিপক্ষের থেকে। তিনি এখন বিশ্বের সাত নম্বর। ফরাসি ওপেনে আট নম্বর বাছাই। আর প্যারিস অলিম্পিক্সে ডাবলসে রুপো জয়ের মতো বড় সাফল্যও রয়েছে।
অন্যদিকে খোয়ালিনস্কা চলতি ফরাসি ওপেনের চমক। এখন তিনি বিশ্বের ১১৪ নম্বর খেলোয়াড়। বাঁ হাতি এই তারকা এবারের ফরাসি ওপেনেও নেমেছিলেন অবাছাই হিসাবেই। ফলে ফাইনালের লড়াইয়ে অনেকটাই এগিয়েছিলেন মীরা। যদিও এর আগে কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল না খেলা উনিশের তরুণী স্নায়ুর চাপ সামলাতে পারবেন কিনা, সেটাই ছিল দেখার। না, মীরা বড় মঞ্চে ঘাবড়ে যাননি। নিজের খেলাটা খেলে গিয়েছেন। আর নিজের খেলাটা খেললে যে তিনি অনায়াসে জিতবেন, সেটা সবাই জানত। হলও তাই।
ফাইনালের প্রথম সেটেই মীরা জিতে নিলেন ৬-৩ পয়েন্টের ব্যবধানে। প্রথম সেটেই দু'বার খোয়ালিনস্কার সার্ভিস ভাঙেন তিনি। দ্বিতীয় সেট আরও একপেশে। এবার খোয়ালিনস্কা পাত্তাই পেলেন না। সেটটি মীরা জিতে নিলেন ৬-২ পয়েন্টের ব্যবধানে। সব মিলিয়ে একপেশে ফাইনালে নতুন রানি পেল লাল সুরকি।
