ব্যাট করছেন বিরাট কোহলি। উলটো দিকে বোলারের নাম নোভাক জোকোভিচ। হয়তো দেখা গেল, হাত দিয়ে নয়, টেনিস র্যাকেটে প্রচণ্ড গতিতে বল 'সার্ভ' করলেন 'জোকার'। আর সেটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন 'কিং'। কিংবা বিরাটের হাতে র্যাকেট আর বিপরীতে ব্যাট করছেন সার্বিয়ান টেনিস তারকা। ভাবুন তো কেমন হবে দৃশ্যটা! কল্পনা মনে হলেও এই দৃশ্য বাস্তব হতেই পারে। সেই জল্পনা উসকে দিলেন খোদ জোকোভিচই। পরিষ্কার জানিয়ে দিলেন, বিরাটের জন্যই ক্রিকেট দেখা শুরু করেছেন। সেই সঙ্গে উসকে দিলেন একসঙ্গে খেলার জল্পনাও।
জোকোভিচের কোহলি-মুগ্ধতা নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি নতুন নজির গড়লে শুভেচ্ছা জানিয়েছেন জোকোভিচ। আবার 'জোকারে'র শ্রেষ্ঠত্ব স্বীকার করতেও ভুল করেন না কোহলি। উইম্বলডনে ২৪টা গ্র্যান্ড স্লামের মালিকের খেলা দেখতে হাজির ছিলেন ৮৫টা সেঞ্চুরির মালিক। এবার লরিয়াস পুরস্কারের অনুষ্ঠানে জোকোভিচ বলে দিলেন, খুব শীঘ্র ভারতে আসতে চান। তার সঙ্গে থাকছে কোহলির সঙ্গে খেলার সম্ভাবনাও।
জোকোভিচ বলেন, "বিরাট আমার বন্ধু। ওকে আমি খুব শ্রদ্ধা করি। সত্যি কথা বলতে ওর জন্য আমি ক্রিকেট খেলা দেখতে শুরু করেছি। আগে ক্রিকেট সম্বন্ধে অতো ধারণা ছিল না। কিন্তু ওর সৌজন্যে আগ্রহ বেড়েছে।" তাঁর সংযোজন, "আমাদের মধ্যে যোগাযোগ আছে। যখন আমি ভারতে আসব, আশা করি ওর সঙ্গে দেখা হবে। একসঙ্গে অল্প টেনিস, অল্প ক্রিকেটও খেলতে পারি। মজা করাটাই আসল। সেই সঙ্গে খেলার মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই।"
জোকোভিচ আরও বলেন, "ভারত থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। ভারতের ভক্তদের বলতে চাই, 'খুব দ্রুত দেখা হচ্ছে।' আমাকে ভারতে যেতেই হবে। গত কয়েক বছরে আমি নিজের ভিতর একটা ডাক শুনতে পাচ্ছি। আশা করি, ভারতে একটা ম্যাচ খেলতে পারব।"
