আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের শেষ আশাটুকুও ভেঙে চুরমার হয়ে গেল। কুস্তির ম্যাটে নেমে নিজের সেরাটা দিলেও আসন্ন এশিয়ান গেমসে নামা হবে না ভিনেশ ফোগাটের। নেপথ্যে কুস্তি ফেডারেশনের 'ষড়যন্ত্র'। মাত্র কয়েকদিনের মধ্যেই এশিয়ান গেমসে অংশগ্রহণ সংক্রান্ত নিয়ম বদলে দিয়েছে ফেডারেশন। ফলে অবসর ভেঙে ফেরা ভিনেশ চলতি বছরের এশিয়ান গেমসে নামতে পারবেন না। ট্রায়ালেও নামার অনুমতি পাবেন না তিনি।
২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। তাঁর পরিকল্পনা ছিল, আগামী মাসে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। নিয়ম অনুযায়ী, ২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ ফেডারেশন কাপের পদকজয়ীরা নামতে পারবেন ট্রায়ালে। এছাড়া ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে পদকজয়ীরাও ট্রায়ালে নামার সুযোগ পাবেন।
কিন্তু নতুন নিয়মে ভিনেশের জন্য ফেরার পথ বন্ধ করে দিল ফেডারেশন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না। কেবল জাতীয় চ্যাম্পিয়নশিপ, ফেডারেশন কাপ এবং অনূর্ধ্ব ২০ জাতীয় চ্যাম্পিয়নশিপের পদকজয়ীরা নামতে পারবেন এশিয়ান গেমসের ট্রায়ালে। এই সময়সীমার মধ্যে কোনও টুর্নামেন্টেই নামেননি ভিনেশ। ফলে এশিয়ান গেমসের ট্রায়ালে নামার রাস্তা পুরোপুরি বন্ধ তাঁর জন্য।
উল্লেখ্য, প্রথম থেকেই ভিনেশের অভিযোগ ছিল যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। টুর্নামেন্টে নাম লেখাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ভিনেশ। তিনি জানিয়েছিলেন, কয়েকদিন আগে ফেডারেশন কাপেও একেবারে শেষ মুহূর্তে নিয়ম পালটে তাঁকে নামতে দেওয়া হয়নি। এবার একই ঘটনা ঘটল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টেও। কয়েকদিন আগেই ভিনেশ জানিয়েছিলেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্তার শিকার তিনি নিজেও। তার 'প্রতিশোধ' হিসাবেই কি ভিনেশের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে? বর্তমানে কুস্তি ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন ব্রিজভূষণের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সঞ্জয় সিং। তাঁর অঙ্গুলিহেলনেই কি শেষ হয়ে গেল ভিনেশের কামব্যাকের স্বপ্ন?
