shono
Advertisement
RBI Data

ঋণের কাঁটা! সঞ্চয় খানিক বাড়লেও ধারদেনায় ডুবে ভারতীয়রা, বলছে আরবিআই

গত চার বছরে ঋণ গ্রহণের পরিমাণ ৭৮ শতাংশ বেড়েছে।
Published By: Biswadip DeyPosted: 05:32 PM Sep 08, 2026Updated: 05:32 PM Sep 08, 2026

কথায় বলে ‘ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ'। চার্বাক দর্শনের এই প্রবচন ঘিরে বিতর্ক আজকের নয়। হালফিলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য সেই ঋণ নিয়েই নতুন ছবি তুলে ধরল। তাতে দেখা যাচ্ছে, সঞ্চয় আগের থেকে বাড়লেও ঋণের পরিমাণও বেড়েছে। দেখা যাচ্ছে, ভারতীয় পরিবারগুলোর কাছে থাকা প্রতি ১০০ টাকার আর্থিক সঞ্চয়ের বিপরীতে এখন ভারতীয়দের ঋণের পরিমাণ ৩২ টাকা। অথচ চার বছর আগে এই অঙ্কটিই ছিল ২৭ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সঞ্চয় ও অর্থনীতির বৃদ্ধির তুলনায় ঋণের পরিমাণ দ্রুতগতিতে বাড়ছে।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের সর্বশেষ গৃহস্থালি ব্যালেন্স শিট প্রকাশিত হয়েছে আগস্টের বুলেটিনে। তা বলছে গত অর্থবর্ষের শেষে অর্থাৎ ২০২৬ সালের মার্চের শেষে ৪৯০.৩ লক্ষ কোটি টাকার আর্থিক সম্পদ ছিল, বা মোট দেশীয় পণ্যের ১৪১.৬ শতাংশ। তাদের পাওনা ছিল ১৫৮.৫ লক্ষ কোটি টাকা বা ৪৫.৮ শতাংশ। তবে বলে রাখা ভালো, এখানে কেবলই সেভিংসই গণ্য করা হয়েছে। সম্পত্তি ও সোনাকে ধরা হয়নি।

এদিকে ২০২২ সালের জুন থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১৬টি ত্রৈমাসিকের হিসেব বলছে, পরিবারগুলির ঋণ গ্রহণের পরিমাণ ৭৮ শতাংশ বেড়েছে। সঞ্চয় বেড়েছে ৪৯ শতাংশ। অর্থনীতি ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতির তুলনায় ঋণ গ্রহণের হার প্রায় দ্বিগুণ দ্রুতগতিতে বেড়েছে। সেই সঙ্গেই জানা যাচ্ছে, পরিবারগুলোর হাতে থাকা সম্পদের পরিমাণ কমেনি।

আরবিআইয়ের তথ্য অনুসারে, ওই চার বছরের প্রতিটিতেই বছরের শুরুর তুলনায় শেষ নাগাদ তাদের হাতে থাকা সম্পদের মূল্য বেশি ছিল। যা পরিবর্তিত হয়েছে, তা হল এর পাশাপাশি নেওয়া ঋণের পরিমাণ। ৪৯ শতাংশের এই হিসাবটি পুরো চার বছর সময়কাল জুড়ে প্রযোজ্য। আরবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাস থেকে হিসাব করলে দেখা যায় যে, অর্থনীতির তুলনায় সঞ্চয় বৃদ্ধির গতি ধীর ছিল। কেবল ঋণের পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement