Advertisement
বেঙ্গালুরুর আগেও একাধিক পদপিষ্টের ঘটনায় উত্তাল হয়েছে দেশ, কবে শিক্ষা নেবে প্রশাসন?
ফিরে দেখা যাক অতীতের সেই সব কালো অধ্যায়ের দিকে।
বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। আহত হয়েছেন ৩৩ জন। তবে পদপিষ্ট হয়ে এমন মর্মান্তিক মৃত্যু মিছিলের ঘটনা প্রথমবার নয়, এর আগে বহুবার এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশ। কিন্তু তা-ও হুঁশ ফেরেনি প্রশাসনের। একনজরে ফিরে দেখা যাক অতীতের সেই সব কালো অধ্যায়ের দিকে।
১ জানিয়ারি, ২০২২: বছরের প্রথম দিনই জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জন পুণ্যার্থীর। প্রত্যক্ষদর্শীরা জানান, চূড়ান্ত অব্যবস্থার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
২ জুলাই, ২০২৪: উত্তরপ্রদেশের হাথরাসে ‘সর্বনাশা’ একটি সৎসঙ্গে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে ১২০ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। ভিড়ের চাপে প্রাণ হারান বহু মহিলা এবং শিশুও।
৪ ডিসেম্বর, ২০২৪: হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর ৯ বছরের ছেলেও। সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকেও। যদিও পরে তিনি জামিন পান।
১৯ জানুয়ারি, ২০২৫: মহাকুম্ভ চলাকালীন প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যাটা অনেকটাই বেশি। অভিযোগ, মর্মান্তিক এই ঘটনা চেপে যেতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনই যোগী সরকার। মৃতদের তালিকা প্রকাশ করা হয়নি। অভিযোগ ওঠে লাশ পাচারেরও। সেই ঘটনায় উত্তাল হয় গোটা দেশ।
১৬ ফেব্রুয়ারি, ২০২৫: নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৮ জনের মৃ্ত্যু হয়েছিল। জানা যায়, মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে যাত্রী। গন্তব্যে যাওয়ায় জন্য ট্রেন আসতে দেরি হচ্ছিল। তখন গুজব ছড়ায় দুটি ট্রেন বাতিল করা হয়েছে। একপরই প্ল্যার্টফর্মে ভিড়ের চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয়। প্রথমে অসুস্থ হয়ে পড়েন ৪ জন। হুড়োহুড়ি আরও বাড়তে থাকে। পদপিষ্ট হয়ে আহত হন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
Published By: Subhodeep MullickPosted: 06:31 PM Jun 05, 2025Updated: 06:35 PM Jun 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
