Advertisement
দিদির জন্যই বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক অভিষেকের! নেটভুবনে ট্রোলের বন্যা, কী করলেন কোমল শর্মা?
২০২৬ সালে আটটি টি২০ ইনিংস খেলে পাঁচটিতেই শূন্য রানে ফিরে যেতে হয়েছে অভিষেককে।
আন্তর্জাতিক টি২০ ক্রমপর্যায়ে তিনিই এখন বিশ্বের একনম্বর ব্যাটার। অথচ ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে কথা বলছে না তাঁর ব্যাট। তিনটি ম্যাচে পরপর শূন্য করে সমালোচিত হচ্ছেন অভিষেক শর্মা। কিন্তু নেটিজেনদের একাংশ তাঁকে নয়, এই ব্যর্থতার জন্য দায়ী করছেন তাঁর দিদিকে!
এখনও পর্যন্ত অভিষেক তিনটি ম্যাচে ব্যাট করেছেন। আর সেই তিন ম্যাচেই আউট হয়েছে 'ডাক' করে। প্রথমবার করেছিলেন 'গোল্ডেন ডাক'। অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছিলেন। পরের দু'টি ইনিংসে খেলেছেন যথাক্রমে ৪ ও ৩টি বল!
কেবল তাই নয়, ২০২৬ সাল জুড়ে আটটি ইনিংস খেলে পাঁচটিতেই শূন্য রানে ফিরে যেতে হয়েছে অভিষেককে। ক'দিন আগেও যাঁর ব্যাটের জাদুতে মুগ্ধ হত আসমুদ্রহিমাচল, তাঁর এই আকস্মিক 'ব্যাড প্যাচ'-এ মনখারাপ ক্রিকেটপ্রেমীদের। কিন্তু তাঁর ব্যর্থতার দায় কেন চাপানো হচ্ছে বড়দিদির উপরে?
অভিষেকের দিদি কোমল শর্মা তাঁর থেকে ৬ বছরের বড়। পেশায় মনস্তত্ত্ববিদ হলেও তিনি একজন জবরদস্ত ক্রিকেট ফ্যানও। নিয়মিত ভাইয়ের ব্যাটিং দেখতে তিনি ভিড় জমান স্টেডিয়ামে। আর সেই কোমলই এবার ট্রোলড হচ্ছেন অভিষেকের ব্যর্থতায়।
এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়ে এক নেটিজেন লিখেছেন, 'অভিষেক শর্মার পতনের জন্য দায়ী ওঁর দিদি। যখনই উনি ব্যাট করতে যান, সবার মনোযোগ কাড়তে কোমল হাজির হয়ে যান সেখানে। এবং অতিরিক্ত অঙ্গভঙ্গি করতে থাকেন। অভিষেক তো কোনও শিশু নন। অন্য খেলোয়াড়দেরও বোন আছে, কিন্তু কেউ তাঁরা এসব করতে আসেন না।'
এই ঘটনায় অনেকেরই মনে পড়ছে বিরাট কোহলির কথা। একসময় বিরাটের ব্যর্থতার জন্য অনুষ্কা শর্মাকে দায়ী করতেন অনেকেই। সেই সময় বিরাট বলেছিলেন, ''আমাদের দেশে মহিলাদের দায়ী করতে ভালোবাসে লোকে।'' সেই উক্তিই অনেকে উল্লেখ করেছেন কোমলকে অন্যায় ভাবে দায়ী করার এই প্রবণতার প্রতিবাদ করতে গিয়ে।
২০১৬ সালে বিরাট কোহলি এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছিলেন। লিখেছিলেন, 'যারা অনুষ্কাকে ট্রোল করছে, তারা নির্লজ্জ। একটু সহানুভূতিশীল হোন। ও (অনুষ্কা) আমাকে সব সময়ই পজিটিভিটিই দিয়েছে।' অভিষেকের ক্ষেত্রেও বিরাটের মন্তব্যগুলি ফিরে আসছে। এদেশে ক্রিকেট মাঠেও নারীর প্রতি অবদমনের ছাপ পড়ছে এর ফলে, মনে করছেন অনেকেই।
এদিকে প্রশ্ন উঠছে অভিষেকের ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে। তাঁকে কি এবার দল থেকে বাদ দেওয়া হবে? রবিবার সুপার এইট অভিযান শুরু করবে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে কি বসানো হবে ফর্মে না থাকা অভিষেককে?
ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাঁকে সংবাদমাধ্যমের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, ''এই নিয়ে আমাদের দলে কোনও আলোচনাই হয়নি। উনি বিশ্বমানের খেলোয়াড়। এখনও পর্যন্ত সৌভাগ্যবশত ওঁর রান না পাওয়ার সময়ে বাকিরা রান পেয়েছেন।''
সেই সঙ্গেই মর্কেলের আশ্বাস, ''আমরা এখন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছি। আমার বিশ্বাস এবার অভিষেক রান পাবেন। কেবল দলের জন্যই নয়, দর্শকদের জন্যও সেটা দরকার। কেননা, উনি যেভাবে বিনোদন দিতে পারেন তা দেখতে আমরা সকলেই ভালোবাসি। নেটেও উনি চমৎকার ব্যাটে বলে করছেন। এখন দরকার একটা ভালো শুরু। তারপর ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাওয়া।''
Published By: Biswadip DeyPosted: 02:24 PM Feb 21, 2026Updated: 02:24 PM Feb 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
