Advertisement
চাই সৌন্দর্যায়ন! বিশ্বকাপের জন্য মারা হচ্ছে ৩০ লক্ষ কুকুর, সরব পশুপ্রেমীরা
কুকুর মারার জন্য তৈরি হয়েছে 'কিল হাউস'। সেখানে পুরোটাই নৃশংসতা।
ফুটবল বিশ্বকাপের আয়োজনের সুযোগ। দেশবিদেশের অতিথিরা আসবেন। বিভিন্ন দেশের খেলোয়াড়রা আসবেন। গোটা বিশ্বের সামনে দেশকে 'সুন্দর' হিসাবে তুলে ধরতে হবে। এই তাগিদেই নৃশংস সংহার শুরু মরক্কোতে।
২০৩০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজনের সুযোগ পেয়েছে মরক্কো। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অ্যাটলাস লায়নদের দেশ। আর সেই প্রস্তুতি পর্বের প্রাথমিক ধাপ হিসাবে শুরু হয়েছে কুকুর নিধন যোগ্য।
২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। বাকি ম্যাচগুলির বেশিরভাগই হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। সূচি ঘোষণা না হলেও মরক্কো যে বেশ কিছু ম্যাচ পেতে চলেছে তা স্পষ্ট।
সেই মেগা ইভেন্টের আগে শহর ‘পরিষ্কার’ করার নামে নির্বিকারে সারমেয় নিধন যজ্ঞ শুরু হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে ২০৩০ বিশ্বকাপের আগে ৩০ লক্ষ পথকুকুর হত্যার ছক কষেছে মরক্কো সরকার।
ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যান্ড প্রোটেকশন কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক পশুপ্রেমী সংগঠনের দাবি, ২০২৩ সালে মরক্কো বিশ্বকাপের আয়োজক ঘোষিত হওয়ার পর থেকেই কুকুর নিধনের পরিমাণ বেড়েছে। আগামী এক বছরের মধ্যেই কয়েক লক্ষ কুকুর মেরে ফেলা হবে।
সারমেয়গুলিকে হত্যাও করা হচ্ছে নৃশংসভাবে। পিটিয়ে, বিষ খাইয়ে, জল–আলো–ভেন্টিলেশনহীন ঘরে একসঙ্গে অনেককে আটকে রেখে বা গুলি করে পথকুকুরদের মেরেই নাকি রাস্তাঘাটের ‘সৌন্দর্যায়ন’ বাড়াচ্ছে মরক্কো। আন্তর্জাতিক পশু কল্যাণ সংগঠনগুলি দাবি করছে, পর্যটকদের কাছে দেশকে আকর্ষণীয় করে তুলতে পথ কুকুর কমানোর অভিযান চলছে মরক্কোতে।
কুকুর মারার জন্য নাকি রাজধানীর উপকণ্ঠে আলাদা করে তৈরি হয়েছে 'কিল সেন্টার'। রাস্তা থেকে কুকুরগুলিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সেখানে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীর দাবি, কুকুরগুলোর গলা পেঁচিয়ে ও ধাতব ক্ল্যাম্প পরিয়ে ঠেসে গাড়িতে ঢোকানো হচ্ছে। তারপর কিল সেন্টারে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে।
এ নিয়ে ইতিমধ্যেই সরব একাধিক আন্তর্জাতিক পশুপ্রেমী সংগঠন। এভাবে পশুনিধন করলে মরক্কো থেকে বিশ্বকাপ আয়োজনের অধিকার ছিনিয়ে নেওয়ার দাবি উঠছে। তাঁরা ফিফার দৃষ্টি আকর্ষণ করছেন।
এ নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, 'মরক্কোকে যখন কো–হোস্ট এর দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তারা পশু–প্রাণীদের রক্ষা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে অঙ্গীকার করেছিল। মরক্কো সেই অঙ্গীকার রাখছে কিনা সেটা নজর রাখা হচ্ছে।
ফিফা বলছে, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মরক্কো সরকার পশু–প্রাণীদের রক্ষা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে কড়া অবস্থান না নিলে সিদ্ধান্ত নেওয়া হবে। সে দেশের ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখা হবে। কর্মীদের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে ফিফার ভাবমূর্তিতেও আঘাত লাগবে। ফলে আয়োজনের শর্ত ভঙ্গের প্রশ্নও উঠতে পারে।
Published By: Subhajit MandalPosted: 05:11 PM Feb 21, 2026Updated: 05:24 PM Feb 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
