Advertisement
সত্যিই কি ৫ বার আলাদা মানুষের সঙ্গে সংসার পেতেছিলেন সুস্মিতা? বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী
ব্যবসায়ী শুভাশিস দে'র সঙ্গে কীভাবে সম্পর্কের শুরু? তাও জানালেন অভিনেত্রী।
বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। তাঁকে বহু মানুষ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমন কটাক্ষও করেছেন অনেকে। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিকৃত যৌন ইচ্ছা, শ্বশুরবাড়ির সদস্যদের সদস্যদের নিয়ে বিস্ফোরক দাবি করেন অভিনেত্রী। পালটা সুস্মিতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলেছেন প্রাক্তন স্বামী। ফেসবুক পোস্টে দাবি করেন, ৫ টা বিয়ে সুস্মিতার। বিবাহিত হওয়া সত্ত্বেও নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রতিবাদ করে অত্যাচারিত হয়েছেন সব্যসাচী!
সত্যিই কি তাই? কাদা ছোড়াছুড়ির মাঝেই নিজের অতীত সকলের সামনে তুলে ধরেছেন সুস্মিতা। তাঁর অভিযোগ, অতীত প্রকাশ্যে এনে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে হেনস্থা করা হয়েছে। তিনি আর ভয় নিয়ে বাঁচতে চান না। তাই নিজেই সব সত্যি জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ফেসবুক লাইভ ও একাধিক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরেন তিনি।
ঠিক কী জানিয়েছেন সুস্মিতা? এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান স্বামী অর্থাৎ ব্যবসায়ী শুভাশিষ দে তাঁর চতুর্থ স্বামী। এর আগে তিনবার সংসার পেতেছেন তিনি। তবে কোনও সংসারই তাঁর সুখের হয়নি। কেরিয়ার নিয়ে সুস্মিতার লড়াই কমবেশি সকলেরই জানা। গোসাবার প্রত্যন্ত গ্রাম থেকে একরাশ স্বপ্ন চোখে নিয়ে কলকাতায় এসেছিলেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলায় অর্থাৎ কলকাতায় আসার আগেই একবার বিয়ে হয়েছিল তাঁর। যদিও সেই সংসার টেকেনি।
এরপর আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ে করে চলে যান সুদূর বেঙ্গালুরুতে। সুস্মিতার অভিযোগ, সেই সংসার কখনই সুখের ছিল না। অন্য নারীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর স্বামীর। তবে পরিবারের জন্য চেয়েছিল ঘরোয়া বাঙালি মেয়ে। সেই কারণেই তাঁকে বিয়ে করে নিয়ে যায় বেঙ্গালুরুতে। কোনওক্রমে পালিয়ে সেখান থেকে কলকাতা ফেরেন তিনি। তারপর থেকেই কলকাতায় থাকতে শুরু করেন তিনি। নজর দেন কেরিয়ারে।
মাঝে এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তাঁর জীবনে আসেন সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এক হয় চার হাত। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তারপর থেকেই অশান্তির শুরু। অভিযোগ, এই সন্তান চায়নি চক্রবর্তী পরিবারের কেউই। একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্তে অবিচল ছিলেন সুস্মিতা। কিন্তু ২০১৯ সালে প্রসবের সময় মৃত্যু হয় সন্তানের। তিনি বারবার চেয়েছিলেন মা হতে। কিন্তু তাতে নাকি সায় ছিল না সব্যসাচীর। তাতেই বাড়ে দূরত্ব। মাঝে সেপারেশনে ছিলেন তাঁরা।
সেই সময় নাকি এক বিত্তশালী ব্যক্তির প্রেমে পড়েছিলেন সুস্মিতা। এদিকে সব্যসাচীর সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। অভিযোগ, সব্যসাচী নাকি তাঁকে পরামর্শ দিয়েছিলেন প্রেমিকের থেকে দামি উপহার হাতানোর। তা করেও ছিলেন অভিনেত্রী। কিন্তু সেই প্রেমও টেকেনি। প্রেমিক তাঁর সঙ্গে প্রতারণা করেন বলে অভিযোগ। এরপর ফিরে আসেন সব্যসাচীর কাছে। নতুন করে ফের শুরু করে সংসার। শ্বশুর, শাশুড়ি, দেওর, স্বামীকে নিয়ে কাটছিল দিন। যদিও বহুবার সেই বাড়িতে অপমানিত হয়েছেন তিনি।
এরপর এক বাড়িতে থাকলেও সব্যসাচীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে তাঁর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দূরত্ব। অভিনেত্রীর দাবি, রুমমেটের মতো করেই সব্যসাচীর সঙ্গে থাকতেন তিনি। যাবতীয় খরচ বহন করতেন তিনি। এরপর তাঁর জীবনে আসেন বর্তমান স্বামী তথা ব্যবসায়ী শুভাশিস দে। ঘনিষ্ঠতা থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এদিকে নিজের বয়স বাড়ছে। মা তাঁকে হতেই হবে। তাই বিয়ের সিদ্ধান্ত নেন। শুভাশিস দের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 10:41 PM Mar 21, 2026Updated: 10:41 PM Mar 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
