Advertisement
ইদে শাহরুখহীন মন্নত! কবজি ডুবয়ে বিরিয়ানি উৎসব পতৌদিদের, 'হিট' নুসরতের মেহেন্দি
সেলেব পাড়ায় ইদের রোশনাই। উৎসবের আমেজে কে কীভাবে লাইমলাইট কাড়লেন? দেখে নিন রঙিন মুহূর্ত।
বলিউড হোক টলিউড, আমজনতার মতোই সেলেব পাড়ায় ইদের রোশনাই। তবে মায়ানগরীতে এবার খানেদের সেলিব্রেশন নয়, বরং লাইমলাইটে পতৌদিদের ইদ উদযাপন। সইফ-করিনার বাড়িতে বিরিয়ানি ভোজ, হেঁশেলে সোহা আলি খান স্পেশাল সেমাই আর সারা-ইব্রাহিমের খুনসুঁটি। সবমিলিয়ে শাহরুখ-সলমন, আমিরদের ইদ উদযাপনকে টেক্কা দিল পতৌদি পরিবার।
ইদে সলমন খানের বড় চমক! বাবা সেলিম খানকে নিয়ে গ্যালাক্সির বারান্দায় ধরা দিলেন ভাইজান। হাসপাতাল থেকে সেলিমের বাড়ি ফেরায় স্বাভাবিকভাবেই চলতিবারের ইদ খান পরিবারের কাছে আরও স্পেশাল। গ্যালাক্সির সিংহদুয়ারে জড়ো হওয়া অনুরাগীদের উদ্দেশে চিরাচরিত ভঙ্গিতে চুমু ছুঁড়ে 'আদাব-নমস্কারে' লাইমলাইট কাড়লেন ভাইজান।
ফি বছর ইদের দিন শাহরুখ খানকে দেখার আশায় মন্নতের সামনে ভিড় জমান অনুরাগীরা। তবে চলতিবারে রীতিতে ছেদ! মন্নতের ছাদে দেখা গেল না দু' বা প্রসারিত করা ব্লকবাস্টার দৃশ্য! কানাঘুষো, 'কিং'-এর শুটে ব্যস্ত বাদশা। তবে শাহরুখের দেখা না পেলেও ভক্তরা তাঁর অতীত ইদের ছবিতেই দুধের স্বাদ ঘোলে মেটালেন।
তবে এবারে শাহরুখ-আমিরের ইদ উদযাপনের ছবি না দেখা গেলেও এবার পতৌদি পরিবারে কিন্তু ভরপুর উৎসবের আমেজ। সইফ-করিনার পাশাপাশি সোহা আলি খানের বাড়িতেও ভুরিভোজের এলাহি আয়োজন হয়েছিল। হেঁশেল থেকে নিজে হাতে রান্না করার ছবি দিলেন সোহা। সঙ্গতে স্বামী কুণাল খেমু।
ভাইঝি সারা আলি খানের সঙ্গেও ইদ উদযাপনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন পিসি সোহা আলি খান। বিশেষ দিনে সাদা সালোয়ারে সারা যেন স্নিগ্ধ সুন্দরী। সোহা বেছে নিয়েছিলেন শকিং পিঙ্ক রঙের সালোয়ার। তবে মেয়ে ইনায়ার মুখ দেখাননি অভিনেত্রী।
ইদের দিনে ভাইবোনের খুনসুঁটি হিট! রং মিলান্তি পোশাকে ইব্রাহিমের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন সারা আলি খান। সেলেব ভাইবোনের ইদ স্পেশাল মিষ্টি ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরাও। তবে তাঁদের মা অমৃতাকে দেখা গেল না ছবিতে।
খুদে তৈমুরের কবজি ডুবিয়ে বিরিয়ানি খাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন ইব্রাহিম আলি। সৎ মা করিনা এবং দুই ভাই জেহ-তৈমুরের সঙ্গে দারুণ ভাব তাঁর। যে কোনও ইৎসব, অনুষ্ঠানে 'আব্বা' সইফ ও ভাইদের সঙ্গে সময় কাটাতে শদগুরু শরণে পৌঁছে যান তিনি। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
সপরিবারে ইদ উদযাপনের ছবি দেখালেন হুমা কুরেশিও। পরনে সাদা সালোয়ারে অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানো যান দায়! ভাই শাকিব সালিমের সঙ্গে খুনসুটিতে মাততে দেখা গেল অভিনেত্রীকে। আর তাদের এহেন দুষ্টু-মিষ্টি ছবিই নেটপাড়ার চর্চায়।
ইদের সাজপোশাকে নজর কাড়লেন হিনা খান। সবুজ সালোয়ার, হাত ভর্তি মেহেন্দি আর মানানসই গয়নায় ক্যামেরায় পোজ দিয়েছেন টেলি অভিনেত্রী। ক্যানসার আক্রান্ত হলেও হিনা খানের মনের জোর অদম্য। স্বামী রকিকে নিয়ে এবারের ইদ পালন করলেন হিনা।
Published By: Sandipta BhanjaPosted: 09:32 PM Mar 21, 2026Updated: 09:32 PM Mar 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
