Advertisement
এক ম্যাচেই শেষ আইপিএল কেরিয়ার! বাংলাদেশি-পাকিস্তানিদের সঙ্গে তালিকায় এক বঙ্গ ক্রিকেটারও
তিনজন কেকেআরের ক্রিকেটারের কেরিয়ারই এক ম্যাচে শেষ হয়ে গিয়েছিল।
আইপিএল শুরু হতে দিন দশেকও বাকি নেই। ফের ক্রিকেটারদের মহাযুদ্ধ দেখার অপেক্ষা। কেউ তারকা হবেন, কেউ ফ্লপ। অতীতে পাকিস্তান-বাংলাদেশ-সহ বহু ক্রিকেটারদের মধ্যে অনেকে এসেছেন। যাঁদের ভাগ্য একম্যাচে লেখা হয়েছে। তবে সেটা খারাপের দিকে।
বলা হয় ক্রিকেট একবলের খেলা। ভাগ্য নির্ধারণ হয় এক ম্যাচেই। আইপিএলে খেলা এই ক্রিকেটারের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল এক বলে। বড়জোর এক ওভারে বা একম্যাচে। সেই ম্যাচে এমন খারাপ পারফর্ম করেন যে আইপিএলে আর সুযোগই পাননি। এই তালিকায় আছেন এক বাঙালিও।
ইউনুস খান: পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে ১০,০০০-এর বেশি রান করা প্রথম খেলোয়াড়। ২০০৮ সালে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে সেই একটি ম্যাচে তিনি মাত্র ৩ রান করে আউট হন। রাজস্থান রয়্যালস ইউনুসকে প্রায় ৯০ লক্ষ টাকায় কিনেছিল।
মাশরাফি মোর্তাজা: বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা ২০০৯ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। সেই একটি ম্যাচে তিনি চার ওভারে ৫৮ রান দেন। তারপরই আইপিএল কেরিয়ার শেষ। কেকেআর ৮ লক্ষ মার্কিন ডলারে মোর্তাজাকে কিনেছিল।
আকিলা ধনঞ্জয়: শ্রীলঙ্কার স্পিনার ১২৩টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। কিন্তু ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটিমাত্র আইপিএল ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তিনি গুরুতর আহত হন এবং চার ওভারে ৪৭ রান দেন। মুম্বই ইন্ডিয়ান্স আকিলাকে ৫০ লক্ষ টাকায় কিনেছিল।
মহম্মদ আশরাফুল: বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল ২০০৯ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন মাত্র ২ রান। আশরাফুলকে প্রায় ৩৮ লক্ষ টাকায় কেনা হয়েছিল।
আবদুর রাজ্জাক: প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আবদুর রাজ্জাক ২০০ ওয়ানডে উইকেট শিকার করেন। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরশুমে আরসিবির হয়ে একটি ম্যাচ খেলেন। সেখানে দুই ওভারে ২৯ রান দিয়েছিলেন। এরপর তিনি আর কোনও সুযোগ পাননি।
লিটন দাস: বাংলাদেশি খেলোয়াড় লিটন দাসকে আইপিএল ২০২৩ নিলামে কলকাতা নাইট রাইডার্স ৫০ লক্ষ টাকায় কিনেছিল। প্রথমে অবিক্রীত থাকলেও পরে দল পান। লিটন কলকাতার হয়ে একটি ম্যাচ খেলে মাত্র ৪ রান করেন।
প্রয়াস রায় বর্মন: এই তালিকার একমাত্র বাঙালি ক্রিকেটার। বৈভব সূর্যবংশীর আগে, প্রয়াস রায় বর্মনই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএলে অভিষেক করেন। ২০১৯ সালের ৩১ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অভিষেক হয়। সেই সময় তাঁর বয়স ছিল ১৬ বছর ১৫৭ দিন। ওই ম্যাচে প্রয়াস চার ওভারে ৫৬ রান দেন।
Published By: Arpan DasPosted: 03:39 PM Mar 21, 2026Updated: 03:39 PM Mar 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
