Advertisement
'আর বেশি দেরি করা যাবে না, বাচ্চারা জন্মেই...', বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা!
ঐন্দ্রিলার জন্মদিনে আদুরে শুভেচ্ছা অঙ্কুশের। চলতি বছরেই ছাঁদনাতলায় টলিপাড়ার তারকাযুগল?
চব্বিশ সালে অঙ্কুশ কথা দিয়েছিলেন, ‘মির্জা’র ব্যবসা হিট হলেই বছরশেষে ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন। সেকথা রাখেননি। দেড় দশকের প্রেম কবে ছাদনাতলায় পরিণতি পাবে? বিগত কয়েক বছর থেকে সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের বয়স একযুগেরও বেশি। প্রেম-বন্ধুত্ব মিলিয়ে জুটিতে প্রায় পনেরোটি বসন্ত কাটিয়ে ফেললেন। তবে এবার সম্ভবত তারকাজুটিকে বর-কনে রূপে দেখার ইচ্ছেপূরণ হতে চলেছে ভক্তমহলের! অভিনেত্রীর জন্মদিনেই বড় ইঙ্গিত দিলেন টলিপাড়ার 'মির্জা'।
৩১ মার্চ চৌত্রিশে পা রাখলেন ঐন্দ্রিলা। সেই প্রেক্ষিতেই বান্ধবীর জন্মদিনে আদুরে পোস্ট করেছেন অঙ্কুশ হাজরা। অভিনেতা লিখেছেন, '১৫ বছর হল। আরও পথচলা বাকি। আমার দেখা সবথেকে সৎ মানুষটিকে জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। শুভ জন্মদিন ঐন্দ্রিলা।' তবে শুভেচ্ছাবার্তা কিন্তু এখানেই শেষ করেননি অঙ্কুশ।
পিকচার অভি বাকি হ্যায়! এরপরই ওই পোস্টে ঐন্দ্রিলার উদ্দেশে অভিনেতা যা লিখেছেন, তাতে শোরগোল পড়ে গিয়েছে। অঙ্কুশের মন্তব্য, 'ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই আমাদের দাদু-দিদা বলে যাতে না ডাকে, তার জন্যে আর বেশি দেরি করা যাবে না কিন্তু।'
ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের এহেন মাখোমাখো পোস্টেই নেটভুবন সরগরম! ভক্তদের কৌতূহল, তাহলে কি ছাব্বিশ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকাজুটি? যদিও এহেন প্রশ্নের মুখোমুখি তাঁরা বহুকাল ধরেই হয়ে আসছেন, তবে এবার পালটা অঙ্কুশকে জবাব দিতে ছাড়েননি ঐন্দ্রিলাও।
অঙ্কুশের খুনসুটিমাখা পোস্টের পরিবর্তে অবশ্য শুধু ভালোবাসা আর ধন্যবাদ জানিয়েই ক্ষান্ত 'বার্থডে গার্ল'! ঐন্দ্রিলা লিখেছেন, 'আমি বাকরুদ্ধ! তোমাকে চিরকাল ভালোবেসে যাব।' পাশাপাশি অঙ্কুশকে নিজের প্রিয় বন্ধু এবং 'পার্টনার ইন ক্রাইম' বলে সম্বোধন করতেও ছাড়লেন না তিনি।
এই অবশ্য প্রথম নয়। এর আগেও বিয়ের ইঙ্গিত দিয়ে একাধিকবার পোস্ট করেছেন অঙ্কুশ। চব্বিশ সালের ডিসেম্বর মাসেই এক ফটোশুটের জন্য বেনারসি-পাঞ্জাবি পছন্দ করতে গিয়েছিলেন। সেই পোশাকশিল্পীর স্টোর থেকে সেসময়ে ভিডিও করে বিয়ের জল্পনা উসকে দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলার জন্মদিনে আদুরে পোস্টের সঙ্গে একাধিক রোম্যান্টিক মুহূর্তও ভাগ করে নিয়েছেন অঙ্কুশ। কোথাও তাঁদের পুরনো ছবি দেখা যাচ্ছে, যেখানে নায়িকাকে চুমু খাচ্ছেন অঙ্কুশ। কোনও ছবিতে তাঁদের ফটোশুটের মুহূর্ত দেখা যাচ্ছে। রয়েছে তাঁদের নানা খুনসুটির মুহূর্তও।
Published By: Sandipta BhanjaPosted: 07:49 PM Mar 31, 2026Updated: 07:49 PM Mar 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
