Advertisement
অন্তঃসত্ত্বা মায়ের শুটে প্রাণ গেল খুদের! ট্রেন্ডে গা ভাসিয়ে ছবি তোলার হিড়িক ডাকছে গভীর বিপদ
ঠিক কী ঘটেছে?
প্রি-ওয়েডিং থেকে মেটারনিটি শুট, এসবই এখন ট্রেন্ডিং। বিয়ের আগে যে জায়গায় ঘুরে বেড়াতেন যুগল, অধিকাংশ ক্ষেত্রেই সেই জায়গায় ছবি-ভিডিও তোলেন তাঁরা। উদ্দেশ্য একটাই সারাজীবনের মতো করে পুরনো জায়গা, পুরনো স্মৃতি সঞ্চয় করে রাখা। যাতে ইচ্ছে হলেই অ্যালবামের পাতা উলটে ফিরে যাওয়া যায় অতীতে। কারণ, বিয়ের পর যে অনেক কিছুই বদলে যায় তা বলার অপেক্ষা রাখে না। মেটারনিটি শুটের ক্ষেত্রেও বিষয়টা একই, মুহূর্তগুলোকে সারাজীবনের মতো বন্দি করে রাখা।
এই শুট করতে গিয়ে বিপদে পড়ার ঘটনাও কিন্তু নতুন নয়। ট্রেন্ডে গা ভাসিয়ে মেটারনিটি শুট করতে গিয়ে বিপাকে পড়েন বহু মা। অঘটন ঘটে অনেকক্ষেত্রেই। ঠিক এবার যেমনটা হল বেঙ্গালুরুর এক মহিলার সঙ্গে। মেটারনিটি শুট করতে গিয়ে তিন বছরের সন্তানকে হারালেন মহিলা।
ব্যাপারটা ঠিক কী? বেঙ্গালুরুর বাসিন্দা ওই মহিলা। স্বামী ও তিনবছরের সন্তানকে নিয়ে তাঁর সংসার। বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা তিনি।
সম্প্রতি পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, তাঁর স্বামী কাজের সূত্রে গিয়েছেন আমেরিকা। এই ফাঁকে মেটারনিটি শুট সেরে ফেরার পরিকল্পনা করেন বধূ।
স্বামীকে জানিয়েই তিনবছরের সন্তান লক্ষ্যবীরকে নিয়ে হাজির হন স্টুডিওতে। শুটের জন্য আগে ভাগেই সাজানো হয়েছিল সেটি। স্টুডিওটিতে ছিল তিনটি ছোট পুকুর। যা ছবি তোলার জন্যই তৈরি করা হয়েছিল।
জানা গিয়েছে, ওই বধূ যখন শুটে ব্যস্ত হয়ে পড়েছিলেন তখন খেলতে খেলতে ওই পুকুরে পড়ে যায় লক্ষ্যবীর। যতক্ষণে বিষয়টা বধূর নজরে পড়ে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে।
তড়িঘড়ি খুদেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা খুদেকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 07:10 PM Feb 16, 2026Updated: 07:10 PM Feb 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
