Advertisement
সাবানের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তামান্না কেন? নাম ঘোষণা হতেই বিতর্ক, পথে নেমে বিক্ষোভ জনতার
কেন সুন্দরী অভিনেত্রীকে ঘিরে বিক্ষোভ?
তিনি মোহময়ী, তিনি লাস্যময়ী, তিনি সুন্দরী। বলিউডের প্রথম সারির অভিনেত্রী। স্বাভাবিকভাবেই প্রসাধন, রূপচর্চার সামগ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বহু সংস্থার প্রথম পছন্দ তামান্না ভাটিয়া।
অথচ সেই তামান্নাকে সাবানের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করায় তুঙ্গে বিতর্ক। এমনকী পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জনতা। অবশ্য কারণটা তামান্নার সৌন্দর্য, অভিনয় দক্ষতা বা কোনও বিতর্কিত মন্তব্য নয়। কারণটা পুরোটাই রাজনৈতিক।
আসলে কর্নাটক সরকারের অধীনে কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড তথা কেএসডিএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে অভিনেত্রীকে। খবরটি সামনে আসার পরই আক্রমণ শানিয়েছে বিজেপি সহ রাজ্যের একাধিক কন্নড়পন্থী সংগঠন। তাঁদের অভিযোগ, এতে আসলে কণ্ণডিগাদের অপমান করা হচ্ছে।
কেন এমন অভিযোগ? জানতে যে সাবানের বিজ্ঞাপন তামান্না করছেন, সেই মাইসুরু স্যান্ডাল সোপের ইতিহাস জানতে হবে। কর্নাটকের বহু মানুষ এই সাবানটিকে রাজ্যের অস্মিতার প্রতীক হিসাবে দেখেন। তাঁদের দাবি, যে সাবানের সঙ্গে কর্নাটকের ঐতিহ্য জড়িয়ে, সেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে অন্য রাজ্যের অভিনেত্রীকে নেওয়া হল কেন?
আজ থেকে ১১০ বছর আগে ১৯১৬ সালে মাইসোরের রাজা নলওয়াড়ি কৃষ্ণরাজা ওয়াডিয়ার মাইশূরুর নিজস্ব সাবানের এই সংস্থা তৈরি করেন। উদ্দেশ্য ছিল, কর্নাটকের চন্দন কাঠের সুগন্ধ সাবানের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া। সেই সংস্থার তৈরি সাবানই মাইশূরু স্যান্ডাল সোপ ক্রমে খ্যাতি অর্জন করে।
১৯৮০ সালে ওই সাবানের সংস্থা চলে যায় কর্নাটক সরকারের অধীনে। সংস্থাটি চালানোর জন্য স্বশাসিত কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড নামের সংস্থা তৈরি করে সরকার। সম্প্রতি সেই সংস্থারই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তামান্না। তাঁর সঙ্গে ৬.২ কোটি টাকার চুক্তি হয়েছে সংস্থাটির।
কিন্তু চুক্তি হওয়ার পর থেকেই তামান্নাকে নিয়ে প্রতিবাদ শুরু হয় রাজনৈতিক মহলে। আসরে নামে বিরোধীরা। বহু কন্নড়পন্থী সংগঠন রাস্তায় নামে। তাদের বিক্ষোভ দমন করতে ধরপাকড়ও চালাতে হয়।
বিজেপি সাংসদ কে সুধাকর বলেন, ‘এই ঘটনা কংগ্রেসের কন্নড় বিরোধী মানসিকতার পরিচয় দেয়। ওরা বিশ্বাসঘাতক দল। কর্নাটকের বহু ভূমিকন্যা অভিনেত্রী থাকতে কেন মুম্বই নিবাসী তামান্নাকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হবে। তাঁর বক্তব্য, এই সাবানের সংস্থার সঙ্গে কর্নাটকের ইতিহাস জুড়ে আছে।
বিরোধীরা বলছে, রম্যা, রশ্মিকা মান্দানা, শ্রীনিধি শেট্টি, পূজা হেগড়ে সহ বহু বিশিষ্ট অভিনেত্রী রয়েছেন। তাঁরা কন্নড় সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছেন। ব্র্যান্ড অ্যাম্বাসাডর যদি করতেই হয়, তাহলে এঁদের কাউকে করা যেত। মুম্বই নিবাসী তামান্নাকে কেন?
অবশ্য সরকার ওই সব বিক্ষোভে পাত্তা দিচ্ছে না। কর্নাটকের মন্ত্রী এম বি পাতিল বলছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি ব্যবসায়ীক। পুরোটা আবেগ দিয়ে ভাবলে হবে না। আগামী দিনে কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড গোটা বিশ্বে ব্যবসা ছড়িয়ে দিতে চায়। সেকারণেই সর্বভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে পরিচিত মুখ হিসাবে তামান্নাকে বাছা হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 07:07 PM Feb 15, 2026Updated: 07:07 PM Feb 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
