Advertisement
ভারত-পাক মহারণে শূন্য রানে আউট অভিষেক-হার্দিকরা, জানেন কত রকম 'ডাক' আছে ক্রিকেটে?
ভারত-পাক ম্যাচে মোট ৬ জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
ভারত-পাকিস্তান ম্যাচে সূর্যরা জিতেছেন ৬১ রানে। কিন্তু এই ম্যাচেই ৬ জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। ভারতের যেমন অভিষেক শর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল আছেন, তেমনই পাকিস্তানের মধ্যে এই অবস্থা সাহিবজাদা ফারহান, আবরার আহমেদ, উসমান তারিক। স্কোরবোর্ড বলছে তাঁদের নামের পাশে একটা বিরাট শূন্য। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলা হয় ‘ডাক’।
ধীরে ধীরে আম্পায়ারের মাথার উপর উঠছে একটা আঙুল। উল্লাসে ফেটে পড়ছেন বোলার। সতীর্থরা এগিয়ে আসছেন এক-এক করে। এদিকে মাথা নত করে ফিরে যাচ্ছেন ব্যাটার। তা সে এক বলে আউট হোক বা বেশ কয়েকটি বল খেলে, কী যায়ে আসে?
উঁহু, সেটি বললে চলবে না। শূন্য মানে শুধু ‘ডাক’ নয়, ক’বল খেলে আউট হলেন সেই ব্যাটার, তার উপর নির্ভর করছে ‘ডাক’-এর প্রকারভেদ। অর্থাৎ এক বলে আউট বা তিন বলে আউটের ‘ডাক’ একরকম নয়। আর প্রত্যেকটির জন্য রয়েছে আলাদা আলাদা নাম। মোট নয় প্রকার ‘ডাক’ রয়েছে ক্রিকেটে।
গোল্ডেন ডাক: প্রথম বলেই আউট! আর একেই বলা হয় ‘গোল্ডেন ডাক’। ভারত-পাক মহারণে প্রথম বলেই চালাতে গিয়ে আউট হন হার্দিক পাণ্ডিয়া। পাকিস্তানের ইনিংসে এই অবস্থা হয় আবরার আহমেদের।
সিলভার ডাক: ইনি আরেকটু অভিজ্ঞ। শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে এঁর সম্মান একটু পড়তির দিকে। তাই বোধহয় সোনার বদলে রুপো দিয়েই সম্মান জানানো হয় এই ব্যাটারকে। কারণ প্রথম বলে নয়, ইনি প্যাভিলিয়নের দিকে ফিরে যান দ্বিতীয় বলে আউট হয়ে।
ব্রোঞ্জ ডাক: বোঝাই যাচ্ছে যে ক্রমশ কমছে শূন্য রানে আউটের কৃতিত্ব। এক বা দু’বলে নন, যদি ব্যাটার তৃতীয় বলে শূন্যতে আউট হন, তখন তাকে বলা হয় ‘ব্রোঞ্জ ডাক’। উসমান তারিকের যেমন এই অবস্থা হল।
ডায়মন্ড ডাক: আগেরগুলির ক্ষেত্রে ব্যাটার তবু বল খেলার সুযোগ পেয়েছিলেন, এখানে সেটুকুও জুটবে না। ধরা যাক কোনো ব্যাটার নেমেই স্থান পেয়েছেন নন-স্ট্রাইকিং এন্ডে। কিন্তু পাকেচক্রে শূন্যতেই রান আউট হলে তার নাম ‘ডায়মন্ড ডাক’। একই নিয়ম প্রযোজ্য ‘অবস্ট্রাকশন দ্য ফিল্ড’ বা ‘টাইমড আউট’-এর ক্ষেত্রেও। ২০২৩-র বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ সেই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছিলেন।
ব্যাটিং হ্যাটট্রিক: বোলারদের কাছে হ্যাটট্রিক যতটা সম্মানের, ব্যাটারের পক্ষে সেটা একেবারেই নয়। কেউ যদি পরপর তিন ম্যাচে শূন্য রানে আউট হন, তখন তাকে বলা হয় ব্যাটিং হ্যাটট্রিক। ২০২৩ সালে সূর্যকুমার যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি ওয়ানডেতে শূন্য করেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি দু'টি 'ডাক' করে থেমে যান।
রয়্যাল ডাক: এই সৌভাগ্যের দাবিদার কিন্তু বিশ্বের সকলে হতে পারবেন না। শুধু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ‘অ্যাশেজ’ টেস্ট সিরিজের জন্যই বরাদ্দ এই বিশেষ ‘ডাক’। টেস্টের প্রথম বলে আউট হলে পাওয়া যায় ‘রাজকীয়’ সম্মান। ২০১৪-র অ্যাশেজে পারথে ‘রয়্যাল ডাক’ হয়ে ফেরেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক।
Published By: Arpan DasPosted: 06:44 PM Feb 16, 2026Updated: 06:44 PM Feb 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
