Advertisement
পর্দায় 'হাঙ্গামার' পর কেরিয়ারে 'গোলমাল'! অভিনয় ছেড়ে কেন দুবাইয়ের ব্যবসায়ী এই বঙ্গললনা?
বলিউডের এককালীন সফল অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন বঙ্গতনয়া রিমি সেন। একাধিক সফল বাণিজ্যিক ছবিতে কাজ করেও বলিউডকে বিদায় জানান অভিনেত্রী। পেশা বদলে এখন সফল ব্যবসায়ী। এই সিদ্ধান্তের নেপথ্যে লুকিয়ে কোন অজানা কাহিনি?
গ্ল্যামার দুনিয়ায় পা রাখার পর অনেকেই হারিয়ে যান। কেরিয়ারের গোড়াতে বেশ কিছু হিট ছবি দর্শককে উপহার দিয়েও অন্তরালে চলে যান অনেকেই। সেই দলের অন্যতম সদস্য বলিউডের এককালীন জনপ্রিয় অভিনেত্রী রিমি সেন। ঝুলিতে বেশ কিছু ভালো ছবি থাকার পরও বিদায় জানিয়েছেন বিটাউনকে।
বড় পর্দায় রিমির গ্ল্যামারাস লুক দর্শকের নজর কেড়েছিল। অভিনয় দক্ষতায় খুব অল্প সময়েই ইন্ডাস্ট্রিতে সফল অভিনেত্রী হিসেবে নিজের একটা পরিচিতি তৈরি করে ফেলেছিলেন। তারপরও কেন আর রূপোলি পর্দায় তাঁকে দেখা যায় না সেই নিয়ে আজও রিমি ভক্তদের মনে দানা বাঁধে প্রশ্ন।
২০০৩ সালে প্রিয়দর্শনের হিট কমেডি 'হাঙ্গামা'-র হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ। রিমির অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। প্রথম ছবির দুর্দান্ত সাফল্যর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০০৮ সালে মাল্টি স্টার কাস্ট ভিত্তিক 'ধুম' ছবিতে অভিষক বচ্চনের বিপরীতে নায়িকার ভূমিকায় আরও একবার দর্শকের হৃদয় জিতে নেন বাঙালি কন্যা রিমি সেন।
স্বল্পদিনের কেরিয়ারে রিমির ঝুলিতে রয়েছে ফির হেরা ফেরি, গোলমাল: ফান আনলিমিটেড-এর মতো কমেডি ঘরানার ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। অমিতাভের নাতনির ভূমিকায় 'বাগবন' ছবিতেও রিমির অভিনয় প্রশংসিত হয়েছিল। আর সলমনের নায়িকা হিসেবে 'কিউঁ কি'-তে রিমি সেনের অভিনয় আজও ভোলেনি দর্শক। সফল অভিনত্রী হয়েও অভিনয়কে চিরদিনের মতো বিদায় জানিয়ে বর্তমানে তাঁর নতুন পরিচয় 'বিজনেস ওম্যান'।
সাফল্য ও জনপ্রিয়তার শিখরে থেকেও ধীরে ধীরে ছবিতে কাজ কমিয়ে দেন। এরপর অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রিমি সেন। এখন দুবাইয়ের ব্যবসায়ী হিসেবে নতুন ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন বং বিউটি রিমি সেন। সমসাময়িক অভিনেত্রীদের মতো তিনি কখনও বলিউডে কামব্যাকেরচেষ্টা করেননি বরং নিজের সিদ্ধান্তেই অটল থেকেছেন।
গ্ল্যাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার রিমি সেন লাইমলাইট থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন। ব্যক্তিগতজীবনকে জনসমক্ষে উপস্থাপনের ঘোর বিরোধী। পরে তিনি পেশা বদলে দুবাইয়ে চলে যান এবং রিয়েল এস্টেট সেক্টরের একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে একটা অন্য জগতে বাস করছেন।
২০২৫ সালে একটি পডকাস্টে উপস্থিত হয়ে রিমি সেন বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে খোলামেলা কথা বলেন। ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্যের বিরক্তির কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। মহিলাদের জন্য বলিউডের অন্দরমহলের বাস্তব ফাঁস করেছিলেন রিমি।
সলমনের নায়িকা বলেছিলেন, "ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের কেরিয়ারের সময়সীমা খুবই কম। পুরুষরা বহু বছর ধরে রাজত্ব করে কারণ এটি পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রি। সলমন খান ও শাহরুখ খানের মতো অভিনেতারা অভিনয় কেরিয়ারে ২০–৩০ বছর পার করেও প্রধান চরিত্রে অভিনয় করছেন।"
Published By: Kasturi KunduPosted: 09:39 PM Apr 04, 2026Updated: 09:39 PM Apr 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
