Advertisement
আগে মাতৃত্ব, বাকি সব গৌণ, কেরিয়ারের মধ্যগগনে থেকেও 'ভ্যানিস' কোন নায়িকারা?
করিশ্মা থেকে জেনেলিয়া-অনুষ্কা থেকে ক্যাটরিনা, সফল কেরিয়ার ছেড়ে সন্তানের স্বার্থে অভিনয়কে বিদায় জানিয়েছেন। এই তালিকায় বলিউডের আর কোন সফল অভিনেত্রীরা?
কেরিয়ারের মধ্যগগনে থেকেও বলিউডকে বিদায় জানিয়েছেন এমন অভিনেত্রীর সংখ্যা নেহাতই কম নয়। আবার উলটো ছবিও রয়েছে ভুরিভুরি। সন্তান জন্মের পর অভিনয় থেকে সরে দাঁড়ানো তো দূরস্থ, মাতৃত্বকালীন ছুটি কাটিয়েই কাজে ফিরেছেন এমন সেলেব মমরাও রয়েছেন বিটাউনের অন্দরে। অক্ষয় তৃতীয়ার দিনই দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করেছেন দীপিকা। প্রথম কন্যা সন্তান দুয়া পাডুকোনের জন্মের পর সাময়িক বিরতি নিয়ে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন। কিন্তু, ফেরেননি কারা?
মা হওয়ার পর অভিনয়কে চিরতরে বিদায় জানিয়েছেন বলি ডিভা অনুষ্কা শর্মা। ভামিকার জন্মের পর গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন। এমনকী নিজের প্রযোজনা সংস্থার ছবি 'চাকদা এক্সপ্রেস'র ভবিষৎও বিশ বাঁও জলে। ভামিকার পর ফের পুত্র সন্তানের মা হয়েছেন বিরাট ঘরনি। অকায়ের জন্মের আগেই বিদেশ পাড়ি দিয়েছিলেন বিরুষ্কা। সোশাল মিডিয়ায় মাঝমধ্যে দেখা মিললেও বড় পর্দায় আর দেখা না মেলারই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
দীর্ঘ সময় পর্দার আড়ালে ক্যাটরিনা কইফও। প্রেগন্যান্সির সময় থেকেই নিজেকে অভিনয় দুনিয়া থেকে সরিয়ে রেখেছেন ভিকি ঘরনি। ২০২৫এর শেষলগ্নে মা হয়েছেন। আপাতত মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির কানাঘুষো, এখুনি শুটিং ফ্লোরে ফেরার কোনও বাসনা নেই ক্যাটরিনার। সন্তানকে নিজের হাতে গড়তে চান, তাই এখন ক্যাট সুন্দরীর জীবনে প্রধান গুরুত্ব তাঁর একমাত্র সন্তান বিহান কৌশল।
এই তালিকায় নিঃসন্দেহে যাঁর নাম উঠে আসে তিনি সুনীলকন্যা আথিয়া শেট্টি। হিরো ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। কয়েকটি ছবিতে কাজ করলেও লাইমলাইট কাড়তে ব্যর্থ হয়েছেন। ক্রিকেট তারকা কে.এল রাহুলের সঙ্গে বিয়ের পর ঘোর সংসারি হয়ে গিয়েছেন রাহুলপত্নী। আর সন্তানের জন্মের পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
বলিউডের ব্ল্কবাস্টার মুভি 'গজনি'তে আমিরের সঙ্গে জুটি বেঁধেছিলেন আসিন। বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু, ২০১৬তে বিয়ে করে সন্তানের জন্মের পর পরিবারের প্রতিই সমস্ত ফোকাস। তাই বলিউডকে চিরদিনের মতো বিদায় জানানোর তালিকায় রয়েছেন অভিনেত্রী আসিনও।
মাতৃত্বের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন 'ম্যায়নে প্য়ায়র কিয়া' খ্যাত ভাগ্যশ্রীও। কেরিয়ারের মধ্যগগনে থেকেও অভিনয় থেকে সরে আসায় মন ভেঙেছিল বহু ভক্তের। কিন্তু, ভাগ্যশ্রী তাঁর সুখ খুঁজে পেয়েছিলেন পরিবার আর সন্তানদের মধ্যেই।
টুইঙ্কেল খান্নাও একই পথের পথিক। অক্ষয়ের সঙ্গে বিয়ের পরও অভিনয় চালিয়ে গিয়েছেন। কিন্তু, সন্তানের জন্মের পর মা হিসেবে কোনও সমঝোতা করতে চাননি অক্ষয় ঘরনি। বড় পর্দায় আর কখনও কামব্যাক করেননি টুইঙ্কেল খান্না। বরং, এখন তিনি সকলের কাছে অভিনেত্রীর থেকে লেখিকা হিসেবে বেশি জনপ্রিয়।
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিশ্মা কাপুর। একের পর এক হিট ছবিতে কাজ করেছেন। কিন্তু,মা হওয়ার পর অন্তরালে চলে গিয়েছেন কাপুর তনয়া। বিয়ের পর কাজের সংখ্যা কমিয়ে এনেছিলেন কিন্তু, সন্তানের জন্মের পর ঘোর সংসারি করিশ্মা।
জেনেলিয়া ডিসৌজা, 'জানে তু ইয়া জানে না'তে তাঁর অভিনয় আজও ভোলেনি দর্শক। বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে পায়ের নীচের জমি শক্ত করেছিলেন জেনেলিয়া। রীতশের সঙ্গে বিয়ের পরও সিনেমা করেছেন কিন্তু, মা হওয়ার পর লম্বা বিরতি নিয়েছিলেন। সম্প্রতি চেনা ছন্দে ফিরলেও বাছাই করা কয়েকটি ছবিতেই কাজ করছেন জেনেলিয়া।
সিনেমা আর রিয়্যালিটি শোয়ের অত্যন্ত পরিচিত মুখ নেহা ধুপিয়া। অঙ্গদ বেদীর সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হওয়া ও সন্তানের জন্মের পর পরিবারের প্রতিই দায়িত্বশীল নেহা। অভিনয়কে পুরোপুরি বিদায় না জানালেও খুব সীমিত সংখ্যক প্রজেক্টে কাজ করেন নেহা ধুপিয়া। বলিউডের আরও অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা সন্তানের জন্মের পর লম্বা বিরতি নিয়ে মাতৃত্বকালীন মুহূর্ত চেটেপুটে উপভোগ করেছেন।
পরিচালক অনুরাগ কাশ্যপের প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচলিন। ২০১১ সালে বিয়ে হয় তাঁদের। কিন্তু কিছুদিনের মধ্যেই আচমকা ছন্দপতন ঘটে। দু’বছরের মধ্যেই বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর ইজরায়েলি পিয়ানো-বাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কল্কি। নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন কল্কি।
Published By: Kasturi KunduPosted: 06:57 PM Apr 19, 2026Updated: 07:28 PM Apr 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
