Advertisement
লাগবে না একটুও মাটি, জলেই বাড়বে এই গাছগুলি
ইন্ডোর প্ল্যাট যত্ন করবেন কীভাবে, রইল টিপস।
বড় বাড়ি, বাগান প্রায় অতীত। এখন বেশিরভাগ ছোট্ট দু'কামরার ফ্ল্যাট। শহরের বুকের সেই ফ্ল্যাট বাড়িতে বাগানের শখ থাকলে ভরসা একচিলতে ব্যালকনি। অনেকের আবার আক্ষেপ, রোদের অভাবে তেমন গাছ বসানো সম্ভব নয়। কেউ কেউ আবার মাটির ফলে অপরিষ্কার হতে পারে ব্যালকনি। তবে জানেন কী, মাটির বদলে শুধু জলেও গাছ বসানো সম্ভব। জেনে নিন কোন কোন গাছ রয়েছে সেই তালিকায়।
ইন্ডোর প্ল্যাট হিসাবে অ্যারোহেড প্ল্যান্ট বা সিঙ্গোনিয়াম অত্যন্ত আকর্ষণীয়। তীরের মাথার মতো আকারের এই গাছগুলি বেশিরভাগ গৃহস্থের পছন্দের। পাতার রং সবুজ, সাদা এবং গোলাপি রঙের হয়। উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোয় বেড়ে ওঠে গাছগুলি। সরাসরি কড়া রোদে ভুলেও রাখবেন না। সাধারণত আর্দ্র পরিবেশই পছন্দ গাছটির। পাতা বা কাণ্ড খেলে মানুষ এবং পোষ্যের ক্ষতি হতে পারে। বাড়িতে খুদে সদস্য থাকলে সাবধান হোন।
জনপ্রিয় এবং সহজলভ্য ইন্ডোর প্ল্যান্ট চাইনিজ এভারগ্রিন। বড় ও ডিম্বাকার পাতার এই গাছগুলির পাতা সাদা, গোলাপির মিশেলে অতি সুন্দর। সঠিক যত্নে প্রায় ১০ বছরের বেশি সময় বাঁচে গাছটি। সরাসরি সূর্যালোকে এই গাছটি ভুলেও রাখবেন না। বেশি উষ্ণতাতেও গাছটির ক্ষতি হতে পারে। মূলত আর্দ্র জায়গায় গাছটি রাখা প্রয়োজন। বাড়িতে পোষ্য থাকলে এই গাছটি না রাখাই ভালো।
সরু সবুজ পাতা। মাঝে সাদা রঙের একটি লম্বা লাইন। বাহারি পাতার ড্রাগন ট্রি অনেকের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকে। এই গাছটি বসানোর ক্ষেত্রে মাটির কোনও প্রয়োজনীয়তা নেই। একটি কাচের পাত্রে জল ও পাথর দিয়ে রাখতে পারেন। তবে দু'মাস অন্তর জল পরিবর্তন করুন। ভুলেও প্রখর রোদে রাখবেন না।
ইঞ্চ প্যান্ট অত্যন্ত রঙিন। এই গাছটিও বাড়ির ভিতরে রাখতে পারেন। ভুল করেও বাইরে রাখবেন না। কিছুটা শাখা কেটে জলের ভিতরে ঢুকিয়ে রাখলে শিকড় বেরতে পারে। বেশি পরিচর্যারও প্রয়োজন পড়ে না।
একটি ডালই জলে কিছুদিন ডুবিয়ে রাখলে সুইস চাইনিজ ভাইন গাছ প্রাণ পেতে পারে। তবে ভুল করেও বেশি নাড়াচাড়া করবেন না সেই সময়। পাতা হলুদ হয়ে যাচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখুন। সপ্তাহে কমপক্ষে একবার জল বদলাতে ভুলবেন না। তাতে গাছের ক্ষতি হতে পারে।
ফিলোডেনড্রন গাছটি আপনার ড্রয়িং রুমে রাখতেই পারেন। এই গাছটিও বড় করার জন্য মাটির প্রয়োজন পড়ে না। পাত্রে থাকা জলে শিকড় ডুবিয়ে রাখলেই কেল্লাফতে। তবে জল পরিষ্কার রয়েছে কিনা, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। নইলে গাছকে বাঁচানো মুশকিল।
পথোসও জলে বাড়ে। এটি অত্যন্ত লতানে গাছ। তাই মাঝেমধ্যে ডালপালা কেটে দিতে পারেন। তাতে ঝোপের মতো গাছ। এই গাছটি চাইলে রোদেও রাখতে পারেন। তবে প্রখর সূর্যালোক আবার গাছটি সহ্য করতে পারে না।
বেগোনিয়া সাধারণত আর্দ্রতা পছন্দ করে। তাই মাটির বদলে জলেই যথেষ্ট। গাছটির মূল ইউএসপি তার পাতা। একটি পাতা কেটে সেটি জলে ডুবিয়ে রাখলেই কেল্লাফতে। তবে জল যেন পরিষ্কার থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন।
Published By: Sayani SenPosted: 03:18 PM Apr 18, 2026Updated: 03:19 PM Apr 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
