Advertisement
জ্বালানি সাশ্রয়ের বার্তা মোদির, 'মুমকিন' করতে বিমান ছেড়ে ট্রেনে চড়ছেন কোন সেলেবরা?
কোন কোন সেলেবরা দীর্ঘদিন ধরে ট্রেন যাতায়াতে অভ্যস্ত জানেন? তালিকায় টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও।
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটের সিঁদুরে মেঘ ভারতের আকাশেও! এমতাবস্থায় দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযমী হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যথাসম্ভব প্রাইভেট গাড়ি কম ব্যবহারেও আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমতাবস্থায় নজরে কোন সেলেবরা দীর্ঘদিন ধরেই ট্রেন যাতায়াতে অভ্যস্ত। অনেকে আবার মোদির আর্জির পরই বিমান ছেড়ে ট্রেন সফর করেছেন।
রাধিকা মদন। বলিউডের 'হিন্দি মিডিয়াম' গার্ল বরাবরই সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তাই অভিনেত্রী নাকি মাঝেমধ্যেই বিমান ছেড়ে ট্রেন সফর করেন। সম্প্রতি সুরাট থেকে মুম্বই যাওয়ার পথে 'বন্দে ভারত' ট্রেন থেকে নামার সময়ে বলিউড নায়িকাকে ক্যামেরাবন্দি করে প্রত্যক্ষদর্শীরা। বোরিভালি স্টেশনে থেকে রাধিকার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।
প্রধানমন্ত্রীর আবেদনে মান্যতা দিয়ে ট্রেনে চেপেই সম্প্রতি দূরপাল্লার সফরে গিয়েছিলেন অনুপম খের। জয়পুর থেকে দিল্লিগামী বন্দে ভারতে বসে তাঁকে বলতে শোনা যায়, "মোদির জ্বালানি সাশ্রয় মিশনে দেশের জন্য আমার এক ক্ষুদ্র প্রয়াস। দৈনন্দিন জীবনে এহেন ছোট ছোট পরিবর্তন এনেই দেশের কল্যাণসাধনে আমাদের প্রত্যেকের অবদান রাখা উচিত। আমার মতে, মোদিজি একদম সঠিক কথা বলেছেন।
নেহা ধুপিয়া। বলিউডে 'রাফ অ্যান্ড টাফ' বলেই পরিচিত অভিনেত্রী। একবার এমটিভি রোজিজ-এর আউটডোরে শুটে যাওয়ার সময়ে একাই 'বন্দে ভারত' চড়ে গন্তব্যে পৌঁছেছিলেন বলে জানা যায়। তবে সেটা মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়ার বহু আগের কথা।
গত রবিবারই 'অ্যাকাডেমি অফ ফাইনার্স'-এর স্ক্রিনিংয়ে পৌঁছতে ব্যক্তিগত গাড়ি ছেড়ে মেট্রো চড়ে রবীন্দ্র সদনে পৌঁছন রুদ্রনীল ঘোষ। নন্দনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজেই জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই প্রয়াস। অতঃপর মাঝেমধ্যেই যে জনপ্রতিনিধিকে মেট্রোয় দেখা যেতে পারে, তেমন ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন।
সুজিত সরকার, প্রথম কোনও ভারতীয় পরিচালক 'বন্দে ভারত' ট্রেনে শুটিং করার জন্য রেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন বলে জানা যায়। চলতি বছরের জানুয়ারি মাসের কথা। যদিও সেই শুটিং সংক্রান্ত বিস্তারিত তথ্য তিনি প্রকাশ্যে আনেননি।
সম্প্রতি 'নো ভেহিকেলস ডে'-তে প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে দলের কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক কিলোমিটার সাইকেল চালান গোরক্ষপুরের তারকা সাংসদ রবি কিষাণ।
তবে এই তালিকার মধ্যে এষা দেওল সম্ভবত সবথেকে আগে 'বন্দে ভারত' চড়ে ট্রেনসফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। বছর খানেক আগের কথা। ট্রেন সফরের নানা রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এষা জানিয়েছিলেন, "অনেক দিন পর আবার ট্রেনে চড়ছি। আমরা এখন 'বন্দে ভারত'-এ।"
সম্প্রতি মেট্রো করে গ্লোব সিনেমা হলে ছবি দেখতে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী ফেসবুকে জানান, "কত মজা হয়েছিল সেদিন। গ্লোবের গলিতে মায়ের ফেভারিট দই বড়ার দোকান ছিল, সেদিন দেখলাম অবিকল একই আছে। স্টিলের প্লেট চামচগুলো পর্যন্ত। শুধু কালের নিয়মে দাম বেড়েছে। উলটোদিকে নিত্যনতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে হাজির হকাররা। সেদিন এসপ্লানেড যাওয়ার মেট্রোটা আসার আগে টুক করে কটা ছবি তুলে নিলাম। কপাল জোরে ফাঁকা প্লাটফর্ম পেয়ে গেছিলাম।"
Published By: Sandipta BhanjaPosted: 08:26 PM May 20, 2026Updated: 08:33 PM May 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
