Advertisement
'ফুটবলের দেশ' থেকে টি-২০ বিশ্বকাপে, ইটালির ক্রিকেট ইতিহাস ২০০ বছরের বেশি প্রাচীন
প্রথমবার টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ইটালি।
টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে ইটালি। ভারতে আসার টিকিট পেয়েছে ফুটবলে চারবার বিশ্বজয়ীরা। নিঃসন্দেহে ইটালির ক্রিকেট ইতিহাসে এটা ঐতিহাসিক সাফল্য।
যদিও রুদ্ধশ্বাস একটা মুহূর্তের মধ্য দিয়েই এমন ইতিহাস গড়েছে তারা। তখন ইটালি বনাম নেদারল্যান্ডসের ম্যাচ চলছে। এরই মধ্যে খবর পাওয়া গেল, অপর ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে জার্সি। আর তাতেই বহু হিসেবই গুলিয়ে গেল।
প্রথমে মনে হয়েছিল আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিয়েছে ইটালি। কিন্তু খতিয়ে দেখার পর জানা গেল, আরও অঙ্ক মেলাতে হবে ইটালিকে। ততক্ষণে জানা গিয়েছে, প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৩৪ রানের বেশি করতে পারেনি তারা। এই রান যদি ১৫ ওভারের মধ্যে টপকে যায় নেদারল্যান্ডস, তাহলে রানরেটের বিচারে ছিটকে যাবে ইটালি।
সেক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে পরের বছর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যেত জার্সি। কিন্তু ১৫ ওভার শেষে নেদারল্যান্ডসের রান যখন ১ উইকেটে ১২৫, তখনই নিশ্চিত হয়ে যায় আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসছে ইটালি।
ফুটবলে দেশটি জন্ম দিয়েছে বাজ্জিও, মালদিনি, বুঁফোর মতো অসংখ্য কিংবদন্তিদের। টেনিসেও উঠে এসেছেন ফ্লাভিয়া পেনেটা, জ্যানিক সিনারের মতো প্লেয়ার। এবার ক্রিকেটেও নিজেদের কদম দৃঢ় করল ইটালি।
দেশটির ক্রিকেট ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। ইটালিতে ক্রিকেটের প্রথম উল্লেখ পাওয়া যায় ১৭৯৩ সালে। নেপলস বন্দরে যাত্রাবিরতির সময় এক জাহাজের নাবিকরা সম্ভবত অংশ নিয়েছিলেন ক্রিকেট খেলায়।
এরপর ১৯ শতকের শেষের দিকে, বেশ কয়েকটি অ্যাসোসিয়েশন এবং ক্লাব গঠিত হয়। তার মধ্যে অন্যতম ছিল এসি মিলান। তখন কিন্তু ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট খেলাও হত।
যদিও ধীরে ধীরে ফুটবলের জনপ্রিয়তার কাছে হার মানে ক্রিকেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে ইউরোপের এই দেশটিতে ফের ডানা মেলতে শুরু করে ক্রিকেট। এরপর ১৯৯৫ সালে আইসিসি'র সহযোগী সদস্য হয় ইটালি। যদিও ১৯৮৪ সাল থেকে দেশটির আইসিসি অনুমোদিত একটা ক্রিকেট দলও ছিল।
আর আজ, ইতিহাস গড়ে ইউরোপীয় অঞ্চল থেকে নেদারল্যান্ডসের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল 'ফুটবলের দেশ' ইটালি। প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার জো বার্নস এখন ইটালির অধিনায়ক। তাঁর নেতৃত্বেই প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইটালি। বার্নসের ভাই ডমিনিক ইটালিতে ক্লাব ক্রিকেট খেলতেন। গত বছরেই প্রয়াত হয়েছেন তিনি। ইটালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন ছিল ডমিনিকের। ভাইয়ের স্বপ্নপূরণের জন্য জো বার্নস অস্ট্রেলিয়া ছেড়ে ইটালিতে আসেন। এরপর বাকিটা ইতিহাস।
Published By: Prasenjit DuttaPosted: 07:00 PM Jul 12, 2025Updated: 07:26 PM Jul 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
