Advertisement
ম্যাঞ্চেস্টারে কখনও টেস্ট জেতেনি ভারত, এজবাস্টনের মতো ইতিহাস বদলাতে পারবেন শুভমানরা?
ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯টি টেস্ট খেলেছে ভারত।
টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। পরের টেস্ট ম্যাঞ্চেস্টারে। যেখানে একটি টেস্টেও জেতেনি টিম ইন্ডিয়া। এজবাস্টনেও ঠিক একই রকম ফলাফল ছিল। কিন্তু সেখানে জয় ছিনিয়ে এনেছিলেন শুভমান গিলরা। ওল্ড ট্র্যাফোর্ডেও কি ইতিহাস গড়তে পারবে ভারত?
ম্যাঞ্চেস্টারে ৯টি টেস্ট খেলেছে ভারত-ইংল্যান্ড। যেখানে ৫টি টেস্টে হেরেছে ভারত, ড্র চারটিতে। ১৯৩৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্ট খেলে ভারত। অর্থাৎ শুভমানরা জিতলে ৮৯ বছরের ইতিহাস বদলাবেন তারা। যেখানে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ৪৩২ (আগস্ট ১৯৯০) এবং সর্বনিম্ন রান ৫৮ (জুলাই ১৯৫২)।
২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির ভারত এক ইনিংস ও ৫৪ রানে হেরেছিল। প্রথম ইনিংসে ২৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। রান পাননি বিরাট কোহলি। সেই দলে ছিলেন বর্তমান দলের কোচ গৌতম গম্ভীর।
ম্যাঞ্চেস্টারে ১৯৯০ সালের টেস্ট ড্র হয়েছিল। গ্রাহাম গুচ, মাইক আথারটনের পালটা সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, শচীন তেণ্ডুলকর (১১৯)। ম্যাচের সেরা শচীনের বয়স তখন ছিল মাত্র ১৭ বছর। আর ওল্ড ট্র্যাফোর্ডে আজহারউদ্দিনের ১৭৯ রানই কোনও ভারতীয়র করা সর্বোচ্চ রানের ইনিংস।
১৯৮২ সালের টেস্টও ভারত ড্র করেছিল। ১২৯ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন সন্দীপ পাটিল। দিলীপ দোশী ১০২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। যা ওল্ড ট্র্যাফোর্ডে কোনও ভারতীয়র সেরা বোলিং।
১৯৭১ ও ১৯৭৪ দু'বারই ভারতের নেতৃত্বে ছিলেন অজিত ওয়াড়েকর। তার মধ্যে প্রথমবার ভারত ড্র করেছিল। দ্বিতীয় ক্ষেত্রে সুনীল গাভাসকরের সেঞ্চুরি সত্ত্বেও ১১৩ রানে হেরেছিল ভারত।
Published By: Arpan DasPosted: 03:36 PM Jul 22, 2025Updated: 03:36 PM Jul 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
