Advertisement
দক্ষিণী রীতিতে ধুমধাম করে সাধভক্ষণের অনুষ্ঠান, করিশ্মার প্রেগন্যান্সি গ্লোতে ঘায়েল নেটভুবন
ঐতিহ্যবাহী শাড়ি ও সোনার গয়নায় সাবেক সাজে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন করিশ্মা তান্না। পর্দায় যেমন গ্ল্যামারের দ্যুতি ছড়ান, বাস্তবেও করিশ্মার সৌন্দর্যে বুঁদ ভক্তরা। মাতৃত্বের গ্লো যেন ঠিকরে বেরচ্ছে। দেখুন সেই ছবি।
বিয়ের চার বছর পর সন্তানসম্ভবা দক্ষিণী সুন্দরী করিশ্মা তান্না। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় অভিনেত্রী ও তাঁর পরিবার। দক্ষিণ ভারতীয় স্টাইলে সাধভক্ষণের অনুষ্ঠানে নজর কাড়লেন হবু মা। ভিন্ন আঙ্গিকে ক্যামেরার সামনে বেবি বাম্প প্রদর্শন করেছেন 'মম টু বি' করিশ্মা তান্না। সমাজমাধ্যমে ছবি শেয়ার করতেই অভিনেত্রীর প্রেগন্যান্সি গ্লোতে কুপোকাত নেটভুবন।
পারিবারিক উদযাপনের নানা মুহূর্ত উঠে এসেছে ইনস্টায় শেয়ার করা ছবি ও ভিডিওতে। সেখানেই দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী শাড়ি ও সোনার গয়নায় সাবেক সাজে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন করিশ্মা। পর্দায় যেমন গ্ল্যামারের দ্যুতি ছড়ান, বাস্তবেও করিশ্মার সৌন্দর্যে বুঁদ ভক্তরা। মাতৃত্বের গ্লো যেন ঠিকরে বেরচ্ছে। অন্যদিকে বরুণের পরনে ছিল ক্লাসিক সাদা কুর্তা। সোশাল মিডিয়ায় বিশেষ দিন উদযাপনের মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করতেই অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন দম্পতি।
অনুষ্ঠানের মাঝেই প্রিয়তমার কপালে আদুরে চুমু এঁকে দেন বরুণ। সেই ভিডিও শেয়ার করে হবু মা করিশ্মা লেখেন, ' প্রথমবার দক্ষিণ ভারতীয় স্টাইলে আমাদের সাধভক্ষণের অনুষ্ঠান সম্পন্ন হল। এত ভালোবাসা, আবেগে আমি আপ্লুত। তুলু রীতি মেনে অনুষ্ঠানের নিয়মকানুন, মন্ত্রোচ্চারণ থেকে ছোট ছোট বিষয়গুলো দেখে মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। দীর্ঘদিনের স্বপ্ন এবার সত্যি হল।'
আবেগে ভেসে করিশ্মা আরও যোগ করেন, 'পরিবারের আশীর্বাদ, পুজো এবং প্রতিটি রীতি তাঁদের এবং হবু সন্তানের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন ছিল। যার প্রতিটি মুহূর্ত অত্যন্ত আবেগঘন। সবচেয়ে সুন্দর ও ঐতিহ্যবাহী রীতি মেনে দুজনের দেখা স্বপ্ন বাস্তবায়িত হল। আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করেও যেন মনে হচ্ছে স্বপ্নের জগতেই বাস করছি।'
২০২১ সালে শুরু করিশ্মা তন্না এবং ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সম্পর্ক। এক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালে মুম্বইতে ধুমধাম করে বিয়ে সারেন। গায়ে হলুদ, মেহন্দি থেকে শুরু করে জমকালো রিসেপশনের প্রতিটি মুহূর্তই সেসময় সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে ছিল তা বলাই বাহুল্য। এবার করিশ্মার সাধবক্ষণের অনুষ্ঠানও পেজ থ্রির চর্চিত টপিকে পরিণত হয়েছে।
গত এপ্রিলে করিশ্মা ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি শেয়ার করে গর্ভধারণের খবর জানান। 'মম' ও 'ড্যাড' লেখা ক্যাপ পরে অভিনব কায়দায় প্রেগন্যান্সি ঘোষণা করেছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল 'একটি ছোট্ট অলৌকিক উপহার। আমাদের জীবনের সেরা প্রাপ্তি, আগস্ট ২০২৬।' সঙ্গে ছিল গোলাপি হৃদয়ের ইমোজি। সুখবর শেয়ার করতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভেসেছেন যুগলে।
হিন্দি টেলিভিশনের মাধ্যমেই সফর শুরু করিশ্মার। ধীরে ধীরে কাজের পরিসর বৃদ্ধি হয়। সিনেমা-সিরিজে অভিনয়ের সুযোগ পান গুজরাটের কন্যা। হনসল মেহতার ‘স্কুপ’ সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। রিয়্যালিটি ‘বিগ বস’-এ মডেল উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিশ্মা। ২০১৬ সালে সেই প্রেম ভেঙে যায় এবং ২০২২-এ বরুণকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন করিশ্মা।
Published By: Kasturi KunduPosted: 08:10 PM May 24, 2026Updated: 08:10 PM May 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
