Advertisement
রেখা-মুনমুন নয়, বলিউডের 'সেক্সবম্ব' ছিলেন ইমরানের প্রেমে পাগল! ধাওয়া করেন লন্ডনেও
শেষপর্যন্ত কেন একসঙ্গে পথ চলা হয়নি দু'জনের? টিনসেল টাউনে কান পাতলে আজও শোনা যায় সেই গল্প।
এই মুহূর্তে তিনি জেলবন্দি এক রাষ্ট্রনায়ক। বয়স পেরিয়েছে সত্তর। কিন্তু আজকের প্রজন্মের অজানা ইমরান কেবলই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বা কিংবদন্তি ক্রিকেটারই নন, তার চেয়েও বেশি। সেই আটের দশকে বহু নারীর 'যৌন আকাঙ্ক্ষা'র মূর্ত প্রতীক ছিলেন তিনি। শোনা যায়, এক ভারতীয় ক্রিকেটারকে তাঁর শালি আবদার করেছিলেন পাকিস্তানে খেলতে গেলে ফেরার পথে ইমরানের ঘামের গন্ধওয়ালা টিশার্ট নিয়ে আসতে!
এহেন 'হট' ইমরানের সঙ্গে বলিউডের নায়িকাদের অ্যাফেয়ার নিয়ে নানা কথা শোনা যায়। তালিকায় রেখা, শাবানা আজমি থেকে এই বঙ্গের মুনমুন সেনের মতো সেযুগের ডাকসাইটে সুন্দরীদের নাম ছিল। কিন্তু ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম তাঁর স্মৃতিকথায় লিখে গিয়েছেন অন্য একজনের কথা। তিনি ছিলেন বলিউডের 'সেক্সবম্ব'।
কার কথা লিখেছিলেন রেহাম? সেবিষয়ে স্পষ্ট করে কারও নাম করেননি তিনি। কেবল উল্লেখ করেছিলেন বলিউডের এক যৌন আবেদনময়ীর। যদিও তাঁর দেওয়া বাকি তথ্য থেকে বুঝতে অসুবিধা হয় না সেযুগের কোন নায়িকার ইমরানের প্রতি তীব্র আসক্তি ছিল।
'রেহাম খান' নামের সেই স্মৃতিকথায় ইমরানের প্রাক্তন স্ত্রী লেখেন, ইমরান ডেট করতেন সেই নায়িকাকে। তবে খুব বিশদে তিনি কিছু লেখেননি। লিখেছিলেন, 'সর্বকালের অন্যতম সেক্সি নায়িকা হিসেবে বিবেচিত একজনের সঙ্গে ইমরানের সম্পর্ক নিয়ে গুজব ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই গুজবগুলো শুনেছিলাম। পরে ইমরান আমাকে জানিয়েছিল যে এটা সত্যি!'
কতটা ঘনিষ্ঠতা ছিল ইমরান ও সেই নায়িকার? রেহাম লিখছেন, 'ও আমাকে বলেছিল বম্বেতে ওদের সাক্ষাৎ হয়েছিল। শখ মিটতেই ইমরান সরেও যায়। কিন্তু সেই নায়িকা ওকে লন্ডন পর্যন্ত ধাওয়া করে গিয়েছিল! হয়ে উঠেছিল উন্মত্ত। সেই সময় নায়িকার বয়ফ্রেন্ড একটি হোটেলে এক পার্টিতে অতিথিদের সামনেই মারধর করে। এমন ভাবে মেরেছিল যে মেয়েটির বাম চোখ স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।'
তবে রেহাম লিখেছেন, তিনি নিজে এই 'গল্প'টি পরে খতিয়ে দেখেন। এবং খোঁজখবর করতেই জানতে পেরে যান, ব্যাপারটা নাকি উলটো! ইমরানই 'পাগল' ছিলেন সেই নায়িকার জন্য। তিনিই ফলো করতেন তাঁকে। দামি দামি উপহার পাঠাতেন।
কিন্তু সত্যিটা যাই হোক, ইমরানের সেই 'প্রেমিকা' কে ছিলেন? সাতের দশকের জনপ্রিয় সেই অভিনেত্রী আর কেউ নন, জিনাত আমন। এই বিষয়ে নিঃসংশয় ওয়াকিবহাল মহল। কেননা সত্যিই জিনাতের প্রেমিক বলিউডের সুদর্শন হিরো সঞ্জয় খান তাঁকে পার্টিতে এমন মারধর করেছিলেন তাঁকে, যে একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়ে যায় চিরকালের মতো।
তবে ইমরানের জন্যই সঞ্জয় এমন মারমুখী হয়ে উঠেছিলেন কিনা তা নিয়ে ধন্দ রয়েছে। এমনও শোনা যায়, বিবাহিত সঞ্জয় স্ত্রীর সঙ্গে হোটেলে পার্টি করার সময় সেখানে জিনাত এসে পড়াতেই মেজাজ হারিয়েছিলেন অভিনেতা।
তবে বিষয়টা যাই হোক, ইমরান ও জিনাতের এই প্রেমকাহিনি কিন্তু সত্যিই বলে মনে করা হয়। সেই যুগেও এই নিয়ে বিরাট গুঞ্জন ছিল। এমনকী একবার ইমরানের খেলা দেখতে মাঠেও সটান হাজির হয়ে যান 'দম মারো দম' নায়িকা। এতে গুঞ্জনের আগুনে যেন ঘি পড়ে! অনেকেই বলতেন, ইমরান ও জিনাত জুটি হলে অন্যতম 'সেক্সি' জুটি হিসেবেই পরিগণিত হবেন। কিন্তু তা আর হয়নি। দু'জনে হেঁটে যান তাঁদের জন্য নির্ধারিত ভাগ্যপথে।
Published By: Biswadip DeyPosted: 10:52 PM Feb 19, 2026Updated: 11:05 PM Feb 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
