Advertisement
'জীবনে বেশি দূর এগোতে পারবে না', কান কার্পেটে শিক্ষকের কটূক্তির জবাব 'লাফটারসেন' নিরঞ্জনের
কানের মঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর লাফটারসেন ওরফে নিরঞ্জন মন্ডল। ফ্রান্সে পৌঁছে ছাত্রজীবনে শিক্ষকের কোন অপমানের জবাব দিলেন?
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবার বাংলার কনটেন্ট ক্রিয়েটর। তিনি আর কেউ নন অত্যন্ত জনপ্রিয় নিরঞ্জন মন্ডল। যদিও সকলের কাছে তিনি পোশাকি নাম 'লাফটারসেন' হিসেবেই বেশি পরিচিত। সমাজমাধ্যমে জীবনের এই বিরাট প্রাপ্তি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিরঞ্জন। শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
তাবড় সেলেবদের সঙ্গে বাংলার এই ইনফ্লুয়েন্সরের এই কান যাত্রা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে মাইলফলক সৃষ্টি করেছে। বিশ্বমঞ্চে নিরঞ্জনের উপস্থিতি-সাজসজ্জা দেখতে মুখিয়ে ছিল অগণিত অনুরাগী। কানে পৌঁছেই সোশাল মিডিয়ায় বেশ কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনও দুধ সাদা পোশাকে তো কখনও আবার রঙিন ড্রেসে লেন্সবন্দি নিরঞ্জন।
১৪ থেকে ১৭মে পর্যন্ত ফ্রান্সে থাকছেন নিরঞ্জন। কান–এর রেড কার্পেট মানেই কে কতটা ফ্যাশনেবল পোশাকে নিজেকে উপস্থাপন করবেন। সেই প্রতিযোগীতার ইঁদুর দৌড়ে নিজেকে প্রমাণ করতে অনেক ভেবেচিন্তেই পোশাক নির্বাচন করেছেন নিরঞ্জন। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় দুদিনের লুক শেয়ার করেছেন যা ভক্তমহলে দারুণ প্রশংসিত।
কখনও মজার ভিডিও, কখনও স্পর্শকাতর বিষয়ে সংবেদনশীল ভিডিও বানিয়ে সকলের নজর কাড়েন। গত বছর অভিনয় জগতে আত্মপ্রকাশের পর এবার বিশ্বমঞ্চে বাংলার, বাঙালির প্রতিনিধিত্ব করছেন ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মন্ডল। তাঁর কেরিয়ারের এই উত্থান নিঃসন্দেহে প্রশংনীয়। কিন্তু, জানেন ছাত্রজীবনে তাঁকে শুনতে হয়েছিল তিনি নাকি জীবনে খুব বেশি দূর এগোতে পারবেন না।
ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যাবে তা কী কেউ বলতে পারে! কনটেন্ট ক্রিয়েটার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর কানে যাওয়ার সুযোগ পাবেন এটা তাঁর কাছে সাফল্যের সিঁড়িতে এক লাফে কয়েক ধাপ এগিয়ে যাওয়া। কেরিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে সেই সময় ছাত্রজীবনের তিক্ত স্মৃতিতে আরও একবার বিদ্ধ হল নিরঞ্জনের হৃদয়!
ফ্রান্সে বসে গণিতের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার-এর স্মৃতিচারণ করলেন। একবার তিনি এই ফর্মূলা ভুলে গিয়েছিলেন। তাই তাঁর শিক্ষক হেঁয়ালি করে বলেছিলেন, তিনি জীবনে খুব বেশি দূর এগোতে পারবেন না। সেই লাইনটি স্মরণ করেই শিক্ষকের অপমানের যোগ্য জবাব দিলেন লাফটারসেন। প্রচণ্ড ঠান্ডায় পানীয়ে চুমুক দিয়ে কী বললেন নিরঞ্জন?
মজা করে বলেছেন, 'ফ্রান্স দিয়ে জার্নি শুরু করলাম। তবুও কাঁদছি, কারণ এখনও আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার-এর ফর্মূলা মনে করতে পারছি না।' বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি যে নজির গড়েছেন তা বলাই বাহুল্য। চলতি বছরের ৭৯ তম বছরে পা দিল কান চলচ্চিত্র উৎসব। সেই সঙ্গে কানের লাল গালিচায় অভিষেক হল লাফটারসেনের।
Published By: Kasturi KunduPosted: 09:49 PM May 16, 2026Updated: 09:51 PM May 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
