Advertisement
বিশ্বকাপের স্বপ্ন শেষ বহু তরুণ তুর্কির, চোটের ধাক্কা ব্রাজিল-আর্জেন্টিনায়! কী অবস্থা এমবাপে-ইয়ামালদের?
২০২৬ বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলারদের চোট-আঘাত। এখনও পর্যন্ত ছিটকে গেলেন কারা?
২০২৬ বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলারদের চোট-আঘাত। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপে, লুকা মদ্রিচরা। এছাড়া জাভি সিমন্স, এডের মিলিতাও কিংবা হুগো একিটিকের মতো যাঁরা বিশ্বকাপের নায়ক হতে পারতেন, তাঁদের অনেকেই ছিটকে গিয়েছেন। তালিকায় কারা?
ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপের অবস্থা সুবিধের নয়। এমবাপের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। এবার তাঁ বাঁ পায়েও একটা চোটের খোঁজ পাওয়া গিয়েছে! রিয়াল মাদ্রিদ তাঁর কামব্যাকের সময় জানায়নি। তবে ক্লাবের হয়ে বাকি ম্যাচগুলো সম্ভবত খেলতে পারবেন না। তবে বিশ্বকাপে ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে কি খেলবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে।
ক্রোয়েশিয়ার মহাতারকা লুকা মদ্রিচের হাড় ভেঙেছে। এসি মিলানের হয়ে জুভেন্টাসের বিরুদ্ধে খেলার সময় চোট লাগে। অস্ত্রোপচার সফল হলেও অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়তো খেলবেন। তবে তিনি খেলবেন মাস্ক পরে!
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নেদারল্যান্ডসের তারকা জাভি সিমন্স। ইপিএলে টটেনহ্যামের হয়ে উলভসের বিরুদ্ধে ডান হাঁটুতে চোট পান। ৬৩ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন সিমন্স। টটেনহ্যাম সূত্রে খবর, তিনি লিগামেন্টে চোট পেয়েছেন। তাঁর দ্রুতই অস্ত্রোপচার হবে। সিমন্সের চোটের খবরে মাথায় হাত পড়ে গিয়েছে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড ক্যোমানের।
বিশ্বকাপের আর চল্লিশ দিন বাকি। ব্রাজিল ডিফেন্ডার এডের মিলিতাও সরকারিভাবে বিশ্বকাপের বাইরে চলে গিয়েছেন। পাঁচ মাস লাগবে তাঁর সুস্থ হতে। অন্যদিকে মার্চের শুরুতে হাঁটুর গুরুতর চোট পান দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রদ্রিগো। স্ক্যান রিপোর্টে জানা গিয়েছে, তাঁর এসিএল ছিঁড়েছে। এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তাঁর।
ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তির দুশ্চিন্তার শেষ নেই। কারণ, এস্তেভাও চোটের কবলে পড়েছেন। আন্সেলোত্তির পছন্দের ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন এই তরুণ তারকা। ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময় চেলসির তারকা উরুর পেশিতে চোট পেয়েছিলেন। তবে শোনা যাচ্ছে, তিনি হয়তো বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন।
সেই সম্ভাবনাই নেই জার্মানির তারকা সার্জ নাব্রির। অ্যাডাক্টর ইনজুরির জন্য ২০১৮ সালের মতো এবারও বিশ্বকাপ মিস করতে হবে তাঁকে। আবার চোটের কবলে পড়েছেন জার্মানির তারকা কাই হ্যাভার্জও। বেশ কিছুদিন ধরেই চোটের মধ্যে ছিলেন জার্মন তারকা। চোট সারিয়ে মাঠে ফেরার পর ধীরে ধীর ছন্দে ফিরছিলেন। তার মধ্যেই আবার চোট পেয়েছেন তিনি।
চোটগ্রস্ত ফুটবলারদের তালিকায় রয়েছেন মিশরের মহম্মদ সালাহ। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। লিভারপুল সূত্রে খবর, সালাহ মরশুমের বাকি ম্যাচ খেলতে পারবেন না। তাঁরও বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মিশরের জাতীয় ফুটবল দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান জানিয়েছেন, তাঁদের ধারণা, বিশ্বকাপের আগে সালাহ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। যদিও তা নিয়ে সংশয় রয়েছে।
চোট রয়েছে তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের। বার্সেলোনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মরশুমের বাকি ম্যাচগুলি আর খেলতে পারবেন না ইয়ামাল। তাঁর বাঁ পায়ের পেশীতে চোট লেগেছে। বিশ্বকাপের আগে হয়তো তরুণ তারকা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তাঁর পক্ষে প্রস্তুতি ম্যাচগুলি খেলার সম্ভাবনা খুবই কম। শোনা যাচ্ছে, ইয়ামালকে হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচে নাও নামানো হতে পারে।
চিন্তার কালো মেঘ রয়েছে আর্জেন্টিনা শিবিরেও। গতবার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিল ক্রিশ্চিয়ান রোমেরো। টটেনহামের হয়ে খেলার সময় চোট পান। হাঁটুর লিগামেন্টে সমস্যা আছে। অন্তত পাঁচ থেকে আট মাস বাইরে থাকতে হবে তাঁকে। আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বোনি এসিএল পুরো বাদই পড়েছেন। ডিফেন্ডার জুয়ান ফোয়েথও হয়তো চোটের জন্য বাদ পড়বেন।
ফ্রান্সের স্ট্রাইকার হুগো একিতিকে এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে পিএসজি'র বিরুদ্ধে খেলার সময় চোট পান। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে, তবে ২৩ বছর বয়সি ফুটবলারের মাঠে ফিরতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে জাপানের ওয়াতারু এন্ডো ও তাকুমি মিনামিনোর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় আছে।
Published By: Arpan DasPosted: 08:54 PM May 02, 2026Updated: 08:54 PM May 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
