Advertisement
এবার মায়ানগরীতে ছুটবে চালকহীন ট্যাক্সি! যানজটের আর নেই ভয়, জানেন ভাড়া কত?
একসঙ্গে সর্বোচ্চ ৬ জন যাত্রী বহন করবে এই বিশেষ ট্যাক্সি।
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিবহণের চিত্রও। এখন গন্তব্যে পৌঁছনোর জন্য একাধিক যানবাহন। ট্রেন, বাস, মেট্রো তো রয়েছেই। এছাড়াও একটা ক্লিক করলেই দুয়ারে পৌঁছে যায় বাইক, ক্যাব। ফলে কীভাবে পৌঁছব, তা আর ভাবতে হয় না কাউকেই।
এবার মুম্বইয়ের পরিবহণ ব্যবস্থা হতে চলেছে আরও আধুনিক। যানজটের চিন্তা আর নেই, এবার উড়ালপুল ধরে একা একাই ছুটবে পড ট্যাক্সি! শুনে অবাক হলেও এটাই সত্যি! এবার চালকহীন মেট্রো ছুটবে মায়ানগরীতে। ইতিমধ্যেই একথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
নিশ্চয়ই ভাবছেন, কোথায় মিলবে এই ট্যাক্সি? কীভাবে বুকিং করা যাবে? এই ট্যাক্সি কি সর্বত্র যাওয়া যাবে? নাহ, আর পাঁচটা ট্যাক্সি, অর্থাৎ শহর-শহরতলির রাস্তায় ছুটে বেড়ানো ট্যাক্সির থেকে এটা একেবারেই আলাদা। নির্দিষ্ট রুটে ছুটবে এই বিশেষ ট্যাক্সি।
মুম্বইয়ের এই চালকবিহীন পড ট্যাক্সি ছুটবে কুরলা থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্স পর্যন্ত। জানা যাচ্ছে, বিশেষ এই ট্যাক্সির জন্য ৮.৮৫ কিলোমিটার দীর্ঘ করিডোর তৈরি করা হবে। যদিও তা বিভিন্ন ধাপে ধাপে। সেই করিডর অর্থাৎ উড়ালপুল ধরেই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে ব্যাটারি-চালিত পডগুলো।
প্রথমে কুরলা টার্মিনাল এবং বান্দ্রা (পূর্ব)-এর মধ্যে ৩.৩৬ কিলোমিটার জুড়ে তৈরি হবে করিডর। স্টপেজ গুলো হবে কুরলা (টার্মিনাল), এলবিএস মার্গ, এমএমআরডিএ পে অ্যান্ড পার্ক (জি ব্লক), বিডিবি গেট-১১, কালানগর, পুরাতন এমএমআরডিএ ভবন, আবগারি বিভাগ।
জানা গিয়েছে, বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই পড ট্যাক্সি। এতে একসঙ্গে সর্বোচ্চ ৬ জন যাত্রী বহন করা যাবে। দিনে ৪ থেকে ৬ লক্ষ মানুষ এই ট্যাক্সি পরিষেবা পাবেন। যদি এই কাজ সঠিকভাবে বাস্তবায়িত করা যায়, তাহলে এটি শহরের স্বল্প-দূরত্বের যাতায়াতের ধারণার সংজ্ঞাই বদলে দেবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, টার্মিনাল সাইটের জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে এই প্রকল্পের কাজ শুরুতে খানিকটা দেরি হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে দ্রুতই সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নিশ্চয়ই ভাবছেন এই পড ট্যাক্সির ভাড়া কত? জানা যাচ্ছে, অটো ও বাস ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে রেট চার্ট। বর্তমানে যাত্রীরা বান্দ্রা বা কুরলা থেকে বিকেসি যাওয়ার জন্য অটোতে প্রতি কিলোমিটারে ১৫.৩৩ টাকা এবং অটো শেয়ার করলে জনপ্রতি ৩০ থেকে ৪০ টাকা ভাড়া দিতে হয়। ট্যাক্সিতে প্রতি কিলোমিটারে ১৮.৬৭ টাকা গুণতে হয়। অ্যাপ ক্যাবে তা অনেকটাই বেশি। তবে পড ট্যাক্সির ভাড়া কিলোমিটারে হতে পারে ২১ টাকা।
Published By: Tiyasha SarkarPosted: 06:46 PM Apr 22, 2026Updated: 06:46 PM Apr 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
