Advertisement
কোনও হাফসেঞ্চুরি-সেঞ্চুরি না করেও ভূরি ভূরি রান! ভাজ্জি থেকে জাম্বো... তালিকায় আর কারা?
ক্রিকেট ইতিহাসে এমন কিছু ক্রিকেটারও রয়েছেন, যাঁরা বড় ইনিংসের জৌলুস ছাড়াই আলাদা করে নজর কেড়েছেন ক্রিকেট মহলে।
আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি বা সেঞ্চুরি হাঁকানো যে কোনও ব্যাটারের কাছেই বড় মাইলফলক। কিন্তু ক্রিকেট ইতিহাসে এমন কিছু ক্রিকেটারও রয়েছেন, যাঁরা বড় ইনিংসের জৌলুস ছাড়াই আলাদা করে নজর কেড়েছেন ক্রিকেট মহলে। আজ আমরা বিশ্বের সেই শীর্ষ পাঁচ ব্যাটারকে নিয়ে আলোচনা করব, যাঁরা কোনও সেঞ্চুরি বা হাফসেঞ্চুরি না করেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন।
এই তালিকায় সবার উপরে প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। ১৭ বছরের কেরিয়ারে ব্যাট হাতে খুব বেশি সাফল্য না পেলেও দীর্ঘ কেরিয়ারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২৩৬টি ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ১২৩৭ রান। কিন্তু কোনও ইনিংসেই পঞ্চাশের গণ্ডি পেরোতে পারেননি। ওয়ানডে'তে হরভজনের সর্বোচ্চ স্কোর ৪৯ রান। ২০০৯-এর ২৫ অক্টোবর, বরোদায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটে নেমে এই ইনিংস খেলেছিলেন তিনি। যদিও ৪ রানে হেরে গিয়েছিল ভারত।
যদিও বল হাতে তিনি ছিলেন অত্যন্ত সফল। ভারতের হয়ে ২৬৯টি উইকেট নিয়ে 'মিস্টার টারবনেটর' নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার হিসাবে। তাঁর সেরা বোলিং ৩১ রানে ৫ উইকেট। ২০০৬ সালের ৩১ মার্চ দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে 'পাঁচতারা' পারফরম্যান্স করেন তিনি। এই ম্যাচে তিনি ইংল্যান্ডের মিডল অর্ডারকে তছনছ করে দিয়ে টিম ইন্ডিয়াকে জেতান।
জিম্বাবোয়ের প্রাক্তন অলরাউন্ডার পল স্ট্রংও এই তালিকায় রয়েছেন। ৯৫টি ওয়ানডে ম্যাচে তিনি ১০৯০ রান করেছেন। যদিও কোনও শতরান বা অর্ধশতরান নেই তাঁর নামের পাশে। স্ট্রংয়ের সর্বোচ্চ স্কোর ভারতের বিরুদ্ধে ৪৭।
’৯০-এর দশকের লেগ স্পিনার স্ট্রং ৯৬টি উইকেটও নিয়েছেন। তাঁর সেরা বোলিং কেনিয়ার সঙ্গে। ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ১৯৯৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ রানে ৩ উইকেট ছিল স্মরণীয় পারফরম্যান্স।
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস এই তালিকায় তৃতীয় স্থানে। ২৬২টি ওয়ানডে ম্যাচে তিনি ৯৬৯ রান করলেও কোনও বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ স্কোর ৩৭। শারজায় ১৯৮৯ সালের ১৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক ম্যাচে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।
তবে বল হাতে তিনি প্রতিপক্ষ বোলারদের ত্রাস ছিলেন। পাকিস্তানের হয়ে ৪১৬টি উইকেট নিয়ে ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করেছেন। ২০০১ সালের ১৬ জুন লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৭ উইকেট ছিল তাঁর সেরা বোলিং পরিসংখ্যান।
ভারতের আরেক কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেও এই তালিকায় আছেন। ২৭১টি ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ৯৩৮ রান। কিন্তু একবারও পঞ্চাশের ঘরে পৌঁছতে পারেননি। জাম্বোর সর্বোচ্চ স্কোর ২৬।
বল হাতে তিনি ৩৩৭টি উইকেট নিয়ে ভারতের অন্যতম সফল বোলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৯৩ সালের ২৭ নভেম্বর হিরো কাপের ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ৬.১ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন, যা ওয়ানডেতে তাঁর কেরিয়ার সেরা।
Published By: Prasenjit DuttaPosted: 04:09 PM Apr 22, 2026Updated: 04:09 PM Apr 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
