Advertisement
চাহালের সঙ্গে ডেটিং গুঞ্জনে মুখ খুললেন লাস্যময়ী সঞ্চালিকা, কেন টানলেন কোহলির নাম?
কী বলেছেন তিনি?
ধনশ্রী বর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁর নাম জড়ায় আরজে মাহভাশের সঙ্গে। যা ক্রমে মাখোমাখো সম্পর্কে পরিণত হয়। তবে দু’জনের কেউই ‘প্রেম’ স্বীকার করেননি। এরপর জানা যায়, ভারতীয় ক্রিকেটারের জীবনে এসেছেন আরও এক লাস্যময়ী। ‘বিগ বস’ খ্যাত শেফালি বগ্গার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও প্রকাশ্যে আসে। এবার তা নিয়ে মুখ খুলেছেন লাস্যময়ী সঞ্চালিকা শেফালি বগ্গা।
বর্ষশুরুর মাসে মুম্বইয়ের রাস্তায় চাহালকে দেখা গিয়েছিল জনপ্রিয় সঞ্চালিকা শেফালির সঙ্গে। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। তাঁদের একটি ক্যাফে থেকে দু'জনকে বেরিয়ে আসতেও দেখা যায়। যা দেখে পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করেন। সেই থেকেই জল্পনা শুরু। এবার প্রশ্ন হল, চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কী বলেছেন শেফালি?
বিনোদন জগতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি জানান, এ ধরনের প্রশ্নে তিনি ক্লান্ত। তাঁর কথায়, “আমি জানতাম এই প্রশ্নটা আসবে। কিন্তু সত্যি বলতে আমি আর এ নিয়ে কথা বলতে চাই না।” তিনি আরও বলেন, মানুষের ভাবনাটা খুব সীমাবদ্ধ হয়ে গিয়েছে। “একটা ডিনার মানেই ডেটিং! এটাই ধরে নেওয়া হচ্ছে,” বলে ক্ষোভ উগরে দেন শেফালি।
একটি মাত্র ভিডিও থেকেই কীভাবে সোশাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে, সেটাও তুলে ধরেন তিনি। শেফালির মতে, “একটা ভিডিও ভাইরাল হওয়ার পরই সবাই ধরে নিল আমরা ডেট করছি!” কর্মসূত্রে ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় এমন ঘটনা নতুন নয় বলে জানান শেফালি। তবে এখন আর এসব নিয়ে তিনি মাথা ঘামান না।
এখানেই শেষ নয়। শেফালির কথায়, “আমি আর এসব কেয়ার করি না। আমার ধৈর্যের সীমা পেরিয়ে গিয়েছে। যে যা ইচ্ছা বলুক। কোনটা সত্যি, সেটা আমি জানি।” চাহালের সঙ্গে প্রেমের সম্ভাবনা নিয়েও সরাসরি ‘না’ বলেছেন শেফালি। তাঁর মতে, পেশা ও ব্যক্তিগত জীবন আলাদা রাখাই শ্রেয়। তিনি বলেন, “এটা আমার পেশা। আমি ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে কাজকে মিশিয়ে ফেলতে চাই না।”
উল্লেখ্য, জানুয়ারিতে পাপারাজ্জিদের সামনে তাঁদের অস্বস্তিতেও পড়তে দেখা যায়নি। হাসিমুখে পোজও দেন তাঁরা। তবে ক্যামেরার সামনে দু’জন আলাদা আলাদা দাঁড়ান। তাছাড়াও এক ভিডিওতে চাহাল ও শেফালি খোশমেজাজে গল্প করতে দেখা যায়। এরপর সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়। দু’জনেই সেই সময় সম্পর্ক নিয়ে স্পিকটি নট ছিলেন।
টেলিভিশনের বেশ পরিচিত মুখ শেফালি। ক্রিকেটের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। অতীতে ক্রিকেটের বহু অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। আইপিএলের মতো মঞ্চে তিনি সঞ্চালনা করেন। সেই কারণেই তাঁর পছন্দের ক্রিকেটার কে, সেই প্রশ্নের উত্তরে বিরাট কোহলি এবং এমএস ধোনির নাম করে তিনি জানান, যাঁদের তিনি পছন্দ করেন, তাঁরা হয় বিবাহিত, নয়তো অবসর নিয়েছেন।
শেফালি বলেন, “বৈভব খুবই ম্যাচিওরভাবে নিজের ইনিংস গড়ে তোলে। আমরা দেখছি, কীভাবে ও ধারাবাহিকভাবে বোলারদের ওপর আক্রমণ চালিয়ে যায়। প্রথমবার আইপিএল খেলতে নেমে গত মরশুমেই সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওর মাইন্ডসেটটাই আলাদা। সেটাই ওকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। আমি নিশ্চিত, খুব শীঘ্রই ওকে ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যাবে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে বৈভবের এই যাত্রা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”
প্রশ্ন ওঠে, সঙ্গী হিসাবে কেমন মানুষ চান তিনি? শেফালি জানান, তিনি এমন একজনকে চান যিনি যত্নশীল এবং সম্পর্কের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকবেন। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সম্পর্কের উদাহরণ টেনে তিনি বলেন, ব্যস্ততার মধ্যেও যে ভালোবাসা প্রকাশ পায়, সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ছোট ছোট যত্ন ও মনোযোগই সম্পর্কের ভিত্তি গড়ে তোলে বলে মনে করেন শেফালি। তাঁর মতে, বড় কিছু নয়, বরং ছোট ইঙ্গিতই বেশি মূল্যবান।
তবে এত কিছুর পরেও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কেরিয়ারেই পুরোপুরি মনোযোগ দিতে চান তিনি। প্রেম পরিণয়ের জন্য এখনও অনেক সময় পড়ে রয়েছে বলে মনে করেন শেফালি।
প্রসঙ্গত, ২০১১ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই শেফালি বাগ্গা। যদিও চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে থাকতে পারেননি। পরবর্তীতে জাতীয় স্তরের এক নামী চ্যানেলে সঞ্চালক হিসাবে চাকরি শুরু করেন শেফালি। সেই তিনি জানান, বর্তমানে তাঁর একটি বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এখনও পর্যন্ত ওই দুই ছবির নাম প্রকাশ করেননি তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 07:48 PM Apr 21, 2026Updated: 07:48 PM Apr 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
