Advertisement
সিঁদুরেই লুকিয়ে দাম্পত্য সুখ, এই ভুলগুলি করলেই সংসার ছারখার!
চিরুনি দিয়ে সিঁদুর পরা আদৌ উচিত, কী বলছেন শাস্ত্রজ্ঞরা?
সিঁথি ভরা সিঁদুর। হাতে শাঁখা-পলা। এয়োস্ত্রীর লক্ষণ। হিন্দু শাস্ত্রমতে সিঁদুর, শাঁখা-পলার গুরুত্ব যে কতখানি তা প্রায় সকলেরই জানা। অনেকেই মনে করেন, সিঁদুর এবং সুখী দাম্পত্য যেন একে অপরের পরিপূরক। বহু মহিলা আজও বিশ্বাস করেন, স্বামীর দীর্ঘায়ু নাকি নির্ভর করে তাঁদের সিঁথির সিঁদুরের উপরেই। তাই প্রতিদিন নিয়ম মেনে সিঁদুর পরেন।
সিঁদুর পরতে হবে বলে যেভাবে সেভাবে পরলেই চলবে না। সিঁদুর পরার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মানা প্রয়োজন। নইলে স্বামীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা সম্ভব নয় বলেই মনে করেন শাস্ত্রজ্ঞরা। তাই জেনে নিন সিঁদুর পরার ক্ষেত্রে ঠিক কোন কোন নিয়ম মানা প্রয়োজন।
ঘুম চোখ খুলে বাসি গায়ে সিঁদুর পরা উচিত নয়। তাতে সাংসারিক অশান্তি বাড়তে পারে। রাতে ঘুমনোর পোশাক পরিবর্তন করে স্নান সেরে নিন। তারপর সিঁদুর পরুন।
তবে অনেকেই বলেন, স্নান করে বেরিয়ে ভেজা চুলে সিঁদুর পরতে নেই। শুধু তাই নয়, চুল খোলা অবস্থাতেও নাকি সিঁদুর পরা অনুচিত। তাতে দাম্পত্যে ফাটল ধরতে পারে। তাই স্নানের পর অবশ্যই চুল শুকিয়ে নিন। তারপর ভালো করে চুল আঁচড়ে সিঁদুর পরুন। এই পন্থায় নাকি দাম্পত্যের নেতিবাচক শক্তির প্রভাব কাটবে।
হিন্দু ধর্ম অনুযায়ী, সিঁদুর পবিত্র জিনিস। দেবী লক্ষ্মীর সঙ্গে এটি সম্পর্কযুক্ত হিসাবেও ধরা হয়। তাই ভুলেও এঁটো হাতে সিঁদুর ধরবেন না। কিংবা পরবেন না। তাতে দাম্পত্যে ফাটল ধরতে পারে।
কোন আঙুল দিয়ে, কীভাবে সিঁদুর পরবেন তা নিয়ে অনেকেই বেশ সংশয়ে থাকেন। অনেকেই সিঁদুর চিরুনি দিয়ে পরেন। শাস্ত্রজ্ঞদের মতে, এই অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করাই ভালো। নইলে স্বামীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
তর্জনী কিংবা মধ্যমা দিয়ে সিঁদুর পরতে পারেন। এছাড়া অন্য কোনও আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত নয়। তাতে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরতে পারে। তাই এই দুই আঙুলই সিঁদুর পরার ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করুন।
নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে পরতে দেবেন না। তাতে নাকি সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির আশঙ্কা থাকে। তেমনই আবার অন্যের ব্যবহৃত সিঁদুরও নিজে পরা উচিত নয়। সম্পর্কে ফাটল ধরাতে না চাইলে শাস্ত্রজ্ঞদের মতে, এই কাজটি ভুলেও করবেন না।
শ্যাম্পু করার সময় সিঁদুর প্রায় সম্পূর্ণ মুছে যায়। তবে শাস্ত্রজ্ঞদের মতে, এই কাজটি কখনই করা উচিত নয়। তাতে স্বামীর অমঙ্গল হতে পারে। তাই সিঁদুর পুরো মুছে গেলে তড়িঘড়ি মাথার সামনের অংশ শুকিয়ে নিন। সিঁদুর পরে ফেলুন। নইলে স্বামীর ক্ষতি হতে পারে।
তবে বর্তমানে বহু বিবাহিত তরুণী আর সিঁদুর পরেন না। তাঁরা সিঁদুর নিয়ে শাস্ত্রজ্ঞদের দাবিও মানতে নারাজ। আদৌ স্ত্রীর সিঁথির সিঁদুর স্বামীর রক্ষাকবচ কিনা, তা নিয়ে নানা মুনির নানা মত। আবার এই তর্কে না গিয়ে প্রচলিত ধ্যানধারণা আঁকড়ে বাঁচতে চান মা-মাসিরা। ঠিক যেমন কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
Published By: Sayani SenPosted: 09:19 PM Apr 22, 2026Updated: 09:19 PM Apr 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
