Advertisement
পরকীয়া চর্চায় দূরত্ব তৈরি করতেই অপহরণ! অমিতাভের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন পারভিন
পারভিন বাবির অভিযোগের কী সাফাই দিয়েছিলেন অমিতাভ?
একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিল অমিতাভ বচ্চন ও পারভিন বাবি। 'দিওয়ার' এবং 'কালা পাথর'-এর মতো ছবিতে তাঁদের রসায়ন যুগে যুগে সমাদৃত। একসঙ্গে কাজ করার সময় দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেসময় এমন গুঞ্জনও ছড়িয়েছিল, বিবাহিত অমিতাভের সঙ্গে পারভিনের বিশেষ সম্পর্ক রয়েছে। কিন্তু, বিষয়টি মোটেই ভালোভাবে নেননি। শোনা যায়, ধীরে ধীরে বিগ বির সঙ্গে দূরত্ব তৈরি করেন প্রয়াত অভিনেত্রী পারভিন বাবি।
এই ঘটনার পর অমিতাভের মধ্যে নাকি প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। তাই তিনি পারভিনকে অপহরণ করিয়েছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। একটি বিনোদনমূলক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে একথা পারভিন নিজেই জানিয়েছিলেন বলে উল্লেখ রয়েছে ওই প্রতিবেদনে। ঠিক কী বলেছিলেন পারভিন?
প্রতিবেদন অনুযায়ী পারভিন অমিতাভকে আন্তর্জাতিক গ্যাংস্টার বলেছিলেন। অভিযোগ, "অমিতাভ বচ্চন একজন সুপার ইন্টারন্যাশনাল গ্যাংস্টার। আমার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছিলেন। ওঁর গুন্ডারা আমাকে অপহরণ করে একটি দ্বীপে আটকে রেখেছিল। সেখানে আবার আমার অস্ত্রোপচার করে এবং কানের ঠিক নিচে একটি চিপ বসিয়ে দেয়।"
প্রয়াত অভিনেত্রীর এই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল মায়ানগরীর সিনেপাড়ায়। বলিউডের শাহেশার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। সেই সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন পারভিন ববি। তবে পরবর্তীতে জানা যায় পারভিন সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। যা মানসিক স্বাস্থ্যের ভারসাম্য নষ্ট করে দেয়। পারভিনের অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়াও দিয়েছিলেন অমিতাভ।
নিজের পক্ষে সাফাই দিয়ে বিগ বি বলেছিলেন, "ওঁর অসুস্থতার ধরন এমন ছিল যে মানুষকে ভয় পেত এবং নানা ধরনের অতিরঞ্জিত ভ্রান্ত ধারণা ও হ্যালুসিনেশনে ভুগত।" ২০০৪ সাল, একটি হোটেলে পারভিনের সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিক-অভিনেতা কবীর বেদীর দেখা হয়। এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা ভাগ করে কবীর জানান, "আমি ওকে দেখে অভিবাদন জানিয়েছিলাম। কিন্তু, বিষণ্ণভাবে বলল আমাকে সবাই পাগল মনে করে। তুমিও সেই দলেরই সদস্য।"
Published By: Kasturi KunduPosted: 05:00 PM Aug 25, 2026Updated: 05:00 PM Aug 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
